সুনামগঞ্জ মেডিকেল চালুর দাবিতে রাজপথে শিক্ষার্থীরা
দালান আছে, ডাক্তার নেই:
প্রকাশিত: ২৯/০৬/২০২৬ ০৭:০৪:৪৪ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জবাসীর মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং ৫ বছর ধরে ঝুলে থাকা সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল অবিলম্বে চালুর দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীরা। ৫০০ শয্যাবিশিষ্ট দৃষ্টিনন্দন ১০ তলা হাসপাতাল ভবনটি প্রস্তুত থাকার পরও তা চালু না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। ২১ জুন (রবিবার) থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এক বিশাল বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মেডিকেল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম নিশ্চিত এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবি ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা কর্তৃপক্ষের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং উদাসীনতার তীব্র সমালোচনা করেন। তারা বলেন, ২০২৪ সালের ২৪ জুন এবং পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবর মাসে হাসপাতালটি চালু করার কথা থাকলেও তা আলোর মুখ দেখেনি। বর্তমানে ২০২৬ সাল চললেও কর্তৃপক্ষ কেবল এটা হয়নি, ওটা হয়নি বলে অজুহাত দিয়ে যাচ্ছে।
আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন, কর্তৃপক্ষের আন্তরিকতা ও তৎপরতায় যদি কুষ্টিয়া মেডিকেল কলেজ মাত্র ৩ মাসের মধ্যে চালু করা সম্ভব হয়, তবে সুনামগঞ্জ মেডিকেল কলেজ কেন বছরের পর বছর ধরে অচল পড়ে থাকবে? অযত্ন আর অবহেলায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক হাসপাতাল ভবনটি এখন কীটপতঙ্গের বাসস্থানে পরিণত হয়েছে। বক্তারা এখন আর কোনো মৌখিক আশ্বাস নয়, বরং সরকারের কাছ থেকে হাসপাতাল চালুর স্পষ্ট ও লিখিত রোডম্যাপ দাবি করেছেন।
সমাবেশে বক্তারা সুনামগঞ্জের বর্তমান ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থার চিত্র তুলে ধরে বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে না। সামান্য একটু জটিল সমস্যা হলেই রোগীদের সিলেটে রেফার করা হয়। যাতায়াত ও চিকিৎসার এই বিশাল খরচ একজন দরিদ্র মানুষের পক্ষে বহন করা অসম্ভব। ফলে অনেকেই সঠিক চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন।
পাশাপাশি, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, হাসপাতাল প্রতিষ্ঠা করার ৫ বছর পার হয়ে গেল, অথচ এখনও হাসপাতাল চালু হলো না! হাসপাতালের ব্যবস্থা না করে মেডিকেল কলেজ চালু করে শিক্ষার্থী ও সুনামগঞ্জবাসীর সাথে প্রবঞ্চনা করা হয়েছে। ক্লিনিক্যাল ক্লাস (রোগী দেখার বাস্তব অভিজ্ঞতা) না করতে পারলে এই শিক্ষার্থীরা ভবিষ্যতে কীভাবে দক্ষ ডাক্তার হবে?
সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের সংসদ সদস্যদের প্রতি তীব্র ক্ষোভ ও দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, সাধারণ মানুষের ভোটের মূল্য দিতে আপনারা অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই হাসপাতাল দ্রুত চালুর জোর দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সুনামগঞ্জবাসীর স্বাস্থ্যসেবা পাওয়ার মৌলিক অধিকার নিশ্চিত করতে এখন আর ঘরে বসে থাকার সময় নেই। দ্রুত হাসপাতাল চালু না হলে সুনামগঞ্জের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। তারা বলেন, একদিন রাজপথে নামলেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে ভূমিকম্প তোলা সম্ভব। হাসপাতাল চালু না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন থামবে না।
শিক্ষার্থীদের এই রাজপথের আন্দোলন ও ক্লাস বর্জনের ফলে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রমে এক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনস্বার্থে এবং ভবিষ্যৎ চিকিৎসকদের ক্যারিয়ার রক্ষার্থে সরকারের উচ্চ মহলের অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত।
কে ইউ এন