প্রকাশিত

২৯/০৬/২০২৬ ০৭:১০:২২ অপরাহ্ন

সিলেট জুড়ে

চরম ভোগান্তিতে হাজারো মানুষ

প্রভাবশালীদের পুকুর গ্রাসে বিলীনের পথে ৫ গ্রামের প্রধান সড়ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৬ ০৭:১০:২২ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রভাবশালীদের মাছ চাষের পুকুর গিলে খাচ্ছে ৫টি গ্রামের মানুষের চলাচলের প্রধান সড়ক। উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর-ইসলামপুর এলাকায় এই পরিস্থিতি সৃষ্টি হওয়ায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন ওইসব এলাকার কয়েক হাজার বাসিন্দা।

​সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থের এই সড়কটি দিয়ে সুরমা ইউনিয়নের ইসলামপুর, রাজানগর, কাউয়াঘর, শিমুলতলা ও গিরিশনগর—এই ৫টি গ্রামের মানুষ নিয়মিত চলাচল করেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সড়কের দু-পাশে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই মাছ চাষের পুকুর খনন করেছেন। ফলে ভাঙন দেখা দিয়ে সড়কটির প্রায় ২২ ফুটই এখন পুকুরগর্ভে বিলীন হয়ে গেছে। ২৫ ফুটের সড়কটি বর্তমানে ভেঙে মাত্র ৩ ফুটে এসে ঠেকেছে।

​স্থানীয়দের অভিযোগ, এর আগেও পুকুর খননের কারণে রাস্তাটি ভেঙে গিয়েছিল। তখন হাওর অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কর্মরত স্থানীয় বেসরকারি উন্নয়ন ও মানবিক সংস্থা ‘ইরা’র অর্থায়নে ১৩ লাখ টাকা ব্যয়ে সড়কটি পুনরায় ২৫ ফুট প্রস্থ করে সংস্কার করা হয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই প্রভাবশালীদের পুকুরের কারণে রাস্তাটি আবারও ধসে মাত্র ৩ ফুটে পরিণত হয়েছে। বর্তমানে সড়কটিতে দু-পাশের পুকুরের ভাঙনের ফলে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

​যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আগে আমাদের বাড়িতে সিএনজিসহ সব ধরনের গাড়ি আসত। বর্তমানে চরম আতঙ্ক নিয়ে হেঁটে চলাচল করতে হয়। রাস্তাটি গাড়ি চলাচলের উপযোগী না থাকায় জরুরি কোনো রোগী নিয়ে আমরা হাসপাতালে যেতে চরম দুর্ভোগে পড়ছি। সড়কটি ছোট হয়ে যাওয়ায় ছেলে-মেয়েরাও স্কুলে যেতে পারছে না। বিশেষ করে বর্ষাকালে এই অঞ্চলের শিক্ষার্থীদের লেখাপড়া পুরোপুরি বন্ধ থাকে।


​অনুরূপ ক্ষোভ প্রকাশ করে জহির উদ্দিন বাবুল, শহিদ মিয়া, সাইফুল ইসলাম, আব্দুল মন্নান ও রাজিব মিয়াসহ একাধিক ভুক্তভোগী জানান, পুকুরে রাস্তা ধসে যাওয়ার কারণে আগে যেখানে সিএনজি চলত, এখন সেখানে একটি মোটরসাইকেল নিয়ে যাতায়াত করাও অসম্ভব হয়ে পড়েছে। পুকুর মালিকদের একাধিকবার অনুরোধ করা হলেও তারা নিজেদের প্রভাব খাটিয়ে জনগুরুত্বপূর্ণ সড়কটিকে পুকুরে পরিণত করেছেন। রাস্তাটি মেরামতের জন্য প্রশাসনকে একাধিকবার জানানো হলেও দীর্ঘদিন কেউ কর্ণপাত করেনি।
​এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাসুদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুকুর মালিকরা প্রভাবশালী হওয়ায় কোনো নিয়মনীতি মানেননি। ৫টি গ্রামের মানুষের চলাচলের রাস্তাটি পুকুরে বিলীন হওয়ার পরও তাদের টনক নড়েনি। নিজেদের যাতায়াত সচল রাখতে নিরুপায় হয়ে দুদিন আগে পুকুর মালিকদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা।


​অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


কে ইউ এন