দোয়ারাবাজার
বৃক্ষরোপণের মাধ্যমে ‘নসকস’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৮:৫৪:০০ অপরাহ্ন
ছবি: ।
বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস)-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক দারুল কোরআন ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে মাদ্রাসা চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নসকসের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আইয়ুব আলী, দ্বীনেরটুক দারুল কোরআন ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, উপাধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, সহকারী শিক্ষক সামছুল ইসলাম এবং প্রভাষক আতাউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন নসকসের সাবেক সভাপতি রফিকুর রহমান, বর্তমান সভাপতি এখলাসুর রহমান আবিদ, সিনিয়র সদস্য তেরাব আলী, কোষাধ্যক্ষ আব্দুল আলিম, প্রচার সম্পাদক সোহেল মিয়া এবং সদস্য জসিম উদ্দিন ও মাহবুবুল আলম মারুফ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
কে ইউ এন