প্রকৌশলীর কথিত অডিও ঘিরে তোলপাড়
দিরাইয়ে ড্রেন নিয়ে ক্ষোভ
প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৯:০৪:০০ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জের দিরাই পৌরসভার একটি ড্রেন নির্মাণকে কেন্দ্র করে উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্যের কথিত একটি অডিও রেকর্ড প্রকাশের পর এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। অডিওতে ড্রেনের টেন্ডার হবে না এবং এলাকাবাসীকে নিজেরাই ড্রেন নির্মাণের পরামর্শ দেওয়ার মতো বক্তব্য শোনা যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগা একটি গুরুত্বপূর্ণ সড়কের ড্রেন নির্মাণের দাবি জানিয়ে এলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো কথিত ওই অডিও তাদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে।
কথিত অডিওতে শোনা যায়, মজলিশপুর সরকারি পুকুরপাড় সড়কের এক বাসিন্দা ড্রেন নির্মাণের জন্য পূর্বে করা মাপজোখের অগ্রগতি জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্য বলেন, "এখন আর কোনো ড্রেন নাই, টেন্ডার নাই।"
এরপর প্রকল্পটি কোনো প্রক্রিয়ায় আছে কি না জানতে চাইলে তিনি বলেন, "কোনো প্রক্রিয়ায় নাই।" টেন্ডার হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আপনেরা করিলাইন।" তখন ওই বাসিন্দা বলেন, "আমরা কেন করব? এটা কি কোনো ধারাবাহিকতায় থাকবে না? অথচ পৌরসভায় তো একের পর এক ড্রেনের টেন্ডার হচ্ছে।" জবাবে প্রকৌশলী বলেন, "কোনো ধারাবাহিকতা নাই। আমি তো বলছি এটা টেন্ডার হবে না।" কেন হবে না জানতে চাইলে তিনি বলেন, "এটা আমি আপনারে কইতে পারব না, ফোন রাখইন।"
স্থানীয় সূত্র জানায়, মলয় ভট্টাচার্য প্রায় এক যুগের বেশি সময় ধরে দিরাই পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছেন মজলিশপুর সরকারি পুকুরপাড় সড়কের অন্তত শতাধিক পরিবারের বাসিন্দা। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি জমে চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, মুসল্লি, নারী, শিশু ও বয়স্করা। একই সঙ্গে বাসাবাড়ির ব্যবহার্য ও গোসলের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় দুই বছর আগে ড্রেন নির্মাণের দাবিতে পৌরসভায় লিখিত আবেদন করা হয়। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে গিয়ে মাপজোখও করেন। কিন্তু আজ পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। অথচ একই সময়ে পৌরসভার বিভিন্ন এলাকায় একের পর এক ড্রেন নির্মাণের টেন্ডার হয়েছে। এমনকি অল্প কয়েকটি পরিবারের সুবিধার জন্যও নতুন ড্রেন নির্মাণ করা হলেও গুরুত্বপূর্ণ এই সড়কটি বছরের পর বছর অবহেলিত রয়েছে।
স্থানীয়রা জানান, তৎকালীন পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধর তাদের আশ্বাস দিয়েছিলেন, প্রকল্পটি দ্রুত টেন্ডারে যাবে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সনজীব সরকারের সঙ্গে বৈঠকের পর সরকারি জায়গা নির্ধারণ ও মাপজোখের নির্দেশনাও দেওয়া হয়। কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি।
এ বিষয়ে দিরাই পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন হাসপাতালে আছি। পরে কথা বলব।
সহকারী কমিশনার (ভূমি) ও দিরাই পৌর প্রশাসক জিয়াউল হাসান সৌরভ বলেন, বিষয়টি সম্পর্কে আমি এখনও অবগত নই। তবে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি। প্রতিটি ওয়ার্ড নিজে পরিদর্শন করব। যেসব এলাকায় আগে উন্নয়নকাজ, বিশেষ করে ড্রেন নির্মাণ প্রয়োজন, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
কে ইউ এন