নাছির উদ্দিন চৌধুরীকে ঘিরে গুজব-অপপ্রচারের ঝড়
নাছির উদ্দিন চৌধুরীকে ঘিরে গুজব-অপপ্রচারের ঝড়, গুজবকারীদের বিরুদ্ধে উপজেলা বিএনপির হুঁশিয়ারি
প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ০৩:১৩:৩৪ অপরাহ্ন
ছবি: ।
স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দিরাই উপজেলা বিএনপি। দলটির ভাষ্য, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। সোমবার (৬ জুলাই) দুপুরে স্থানীয় বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার। লিখিত বক্তব্যে দাবি করা হয়, দিরাই-শাল্লা এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ ও বস্ত্র বিতরণের পাশাপাশি বোরো মৌসুমে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ‘হাওর মানবিক কৃষি কার্ড’ কার্যক্রমও পরিচালিত হচ্ছে। সহায়তা কার্যক্রম নিয়ে সমালোচনার জবাবে বিএনপি নেতারা বলেন, সরকারি বরাদ্দ সীমিত থাকায় সব ক্ষতিগ্রস্ত কৃষককে তালিকাভুক্ত করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিএনপির সমন্বয়ে যাচাই-বাছাই শেষে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে বলেও তারা দাবি করেন। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ‘হাওর মানবিক কৃষি কার্ড’ ইস্যুকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল মানববন্ধন, মিছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। একই সঙ্গে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর মৃত্যুর গুজব এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও দাবি করা হয়। এ ধরনের অপপ্রচারে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিএনপি নেতারা হুঁশিয়ারি দেন, গুজব ও অপপ্রচার বন্ধ না হলে বিষয়টি মোকাবিলায় আরও কঠোর ব্যবস্তা নেওয়া হবে। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ না করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, শাব্বির মিয়া, গোলাপ মিয়া, হাজী বাচ্চু মিয়া, আবু সাইদ চৌধুরী, কয়সর ইসলাম, আব্দুল হাফিজ, মাওলানা রজব আলী, সালাহ উদ্দিন তালুকদার, সজীব রশীদ চৌধুরী, জুনায়েদ মিয়া, মেহেদী হাসান চৌধুরী, জামিল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এইচ বি বা