গাঁজাসহ একজনকে আটক করে পুলিশ
শান্তিগঞ্জে ১ কেজি গাঁজাসহ একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা
প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ০৫:৪১:০৭ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে ১ কেজি গাঁজাসহ শহিদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় জনতা। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়নের আসামমুড়া গ্রামের স্কুল প্রাঙ্গন থেকে তাকে আটক করেন গ্রামবাসী। আটককৃত শহিদ মিয়া পাথারিয়া গ্রামের জেবেদ আলীর ছেলে। আটকের পর উদ্ধারকৃত গাঁজাসহ শহিদের একটি ভিডিও ধারণ করেন জনতা। স্থানীয়রা জানান, সকালে শহিদ মিয়া আসামমুড়া গ্রামের মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে কিছু জিজ্ঞেস করতে উদ্যত হন। এ সময় শহিদ দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তার হাতে একটি পলিথিনের ব্যাগ ছিল। পরে উপস্থিত সাধারণ মানুষ দৌঁড়ে তাকে আটক করেন এবং পলিথিনের ব্যাগটি উদ্ধার করেন। পরে ওই ব্যাগে ১ কেজি গাঁজা পাওয়া যায়, যার ভিডিও স্থানীয় জনতা ও এই প্রতিবেদকের কাছে রয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার টাকা বলে জানিয়েছেন আটককৃত শহিদ। গাঁজা উদ্ধারের পর শহিদ মিয়াকে আসামমুড়া গ্রামবাসী আটকে রেখে শান্তিগঞ্জ থানায় খবর দেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত এসআই সেলিমের নেতৃত্বে শান্তিগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আসামমুড়া গ্রামের বাসিন্দা ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক এইচ এম নাছির এই বিষয়ে বলেন, "আমরা মাদকের বিরুদ্ধে একদম ‘জিরো টলারেন্স’ অবস্থানে আছি। কোনো অবস্থাতেই মাদক কারবারি ও সেবীদের প্রশ্রয় দেওয়া যাবে না। মাদক নির্মূল করতে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করতে আমরা বদ্ধপরিকর। আসামমুড়া গ্রামবাসীকে ধন্যবাদ, দারুণ একটি কাজ করেছেন তারা। ‘যেখানে মাদকের থাবা, সেখানে সাধারণ মানুষের অ্যাকশন’— এই নীতিতে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।" শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এইচ বি বা