সিলেট দিয়ে শুরু
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন, সিলেট দিয়ে শুরু
প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ০৪:১৫:৪৫ অপরাহ্ন
ছবি: ।
আসন্ন অগাস্ট মাসের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনার কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রথমে দেশের উত্তরপূর্বাঞ্চল ও হাওর এলাকায় নির্বাচন হতে পারে বলে জানান তিনি। দেশের উত্তর-পূর্ব কোণে সিলেট বিবাগের অবস্থান। এছাড়া দেশের হাওরগুলোর বেশিরভাগেরই অবস্থান এই বিভাগে। তথ্য উপদেষ্টা বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রাথমিক কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।’ তিনি বলেন, ‘অগাস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচন কমিশন বরাত দিয়ে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশকে হাওর ও উত্তর-পূর্বাঞ্চল, পার্বত্য ও উপকূলীয় অঞ্চল, নদীপ্রধান ও চরাঞ্চল এবং সমতল ও শহরাঞ্চল- এই চার ভাগে ভাগ করে নির্বাচনের সময় নির্ধারণ করা হয়েছে। উপদেষ্ঠা বলেন, এর মধ্যে হাওর ও উত্তর-পূর্বাঞ্চলে ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের মধ্যদিয়ে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করবে ইসি। জাহেদুর রহমান বলেন, এটা একটা খুবই আলোচিত ইস্যু ছিল আমাদের সবসময়, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আদৌ হবে কি না। কেউ কেউ এভাবে বলার চেষ্টা করতেন, যেহেতু ওখানে অনেক ক্ষেত্রেই প্রশাসক নিয়োগ করা হয়েছে। কিন্তু আমরা রিপিটেডলি বলেছি, আমাদের মন্ত্রী সবসময় বলেছেন যে, এটা এই বছরের মধ্যেই শুরু হবে; এবং আপনারা জানেন, নির্বাচন হওয়ার জন্য একটা বিশেষ সময় লাগে। আমরা চেষ্টা করি, বেশি সংখ্যক নির্বাচন শুষ্ক মৌসুমে করার, শীতের মৌসুমে করার। এ বছরের অক্টোবরের দিকে স্থানীয় সরকারের নির্বাচনগুলো শুরু করা গেলে পরের বছরের অক্টোবর নাগাদ সব নির্বাচন শেষ হতে পারে বলে ধারণা দেন তিনি।
এইচ বি বা