প্রকাশিত

১২/০৭/২০২৬ ০৫:১০:৫৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

উজানের ঢলে বেড়েছে সুরমা নদীর পানি

সুনামগঞ্জে বৃষ্টি কমলেও উজানের ঢলে বেড়েছে সুরমা নদীর পানি

প্রকাশিত: ১২/০৭/২০২৬ ০৫:১০:৫৭ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জে গত দুইদিনে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার নদ-নদীর পানি বাড়ছে। বিশেষ করে সুরমা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।



পাউবোর তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টায় সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা ছিল ৭ দশমিক ৪০ মিটার, যা আগের দিনের একই সময়ের তুলনায় ১০ সেন্টিমিটার বেশি। একই সময়ে ছাতক উপজেলার সুরমা নদীর পানিও ১০ সেন্টিমিটার বেড়েছে। তাহিরপুর উপজেলার পাটলাই নদীর পানি বেড়েছে ৩ সেন্টিমিটার।



অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত ছিল ৪৫ মিলিমিটার। বৃষ্টি কমে আসায় তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর লাউড়েরগড় পয়েন্টে পানির উচ্চতা ৩ সেন্টিমিটার কমেছে। জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর পানির উচ্চতায় কোনো পরিবর্তন হয়নি।



স্থানীয়রা বলছেন, জেলায় বৃষ্টির পরিমাণ কমলেও সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ঢল নেমে আসায় সুরমা নদীর পানি বাড়ছে। সদর উপজেলার মুসলিমপুর গ্রামের বাসিন্দা আবদুল মুমিন বলেন, সীমান্তের নদ-নালা দিয়ে আসা পাহাড়ি ঢলের পানিই এখন সুরমা নদীর পানি বাড়াচ্ছে।



এদিকে পাহাড়ি ঢলে প্লাবিত হওয়া সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা এলাকা শনিবার বিকেলে পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ঢলের পানি দ্রুত ভাটিতে নেমে যাওয়ার সুবিধার্থে ওই অংশের সড়ক নিচু করে নির্মাণ করা হয়েছিল। ফলে পাহাড়ি ঢল নামলেই সড়কটি প্লাবিত হয় এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের চলাচলে বিঘ্ন ঘটে।



পরিদর্শন শেষে জেলা প্রশাসক ভবিষ্যতে ওই স্থানে প্রয়োজনীয় কালভার্ট নির্মাণ এবং সড়কের সীমানা নির্ধারণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।



রোববার সকালে সড়কটির ওপর থেকে পানি নেমে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।



পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে সুনামগঞ্জেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাত বাড়লে জেলার নদ-নদীর পানি আরও বাড়তে পারে এবং স্বল্পমেয়াদে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।



গত সপ্তাহে টানা পাঁচদিনের বৃষ্টি ও উজানের ঢলে জেলার নদ-নদী ও হাওরের পানি দ্রুত বাড়তে শুরু করে। গত মঙ্গলবার জেলায় মৌসুমের সর্বোচ্চ ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরপর দুই দিন বৃষ্টির পরিমাণ কমায় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নতুন করে উজানের ঢল পরিস্থিতিকে আবারও উদ্বেগের মধ্যে ফেলেছে।



সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও পৌরসভার নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হয়েছে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। হাওর এলাকায় পর্যটকদের নিরাপত্তায় বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।



এদিকে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্যা মোকাবিলায় স্থায়ী, অস্থায়ী ১ হাজার ৩১১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, এছাড়াও কোনোও এলাকা পানিবন্দি হলে তাদের উদ্ধারের জন্য ৪৯২টি নৌকা ও স্পিড বোর্ড রয়েছে, সেচ্ছাসেবী টিম ও ১ হাজার ৫৬ টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। ১২টি উপজেলায় জিআর চাল দেওয়া হয়েছে। কন্টোল রুম চালু করা হয়েছে। যেখানে যে কোনো প্রয়োজনে যোগাযোগের নাম্বারও দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি মসজিদ ও মন্দিরে মাইকিং করে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সর্তক করা হচ্ছে।



জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, জেলার সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বন্যা মোকাবিলায় উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলার ১২টি উপজেলায় ১ হাজার ২০০ প্যাকেট শুকনা খাবার ও জিআর চাল বিতরণের জন্য পাঠানো হয়েছে।





এইচ বি বা