নিয়মিত শিক্ষার্থীদের দেওয়া হলো অনিয়মিতর প্রশ্ন, ৭৭ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
দোয়ারাবাজারে আলিম পরীক্ষায় চরম গাফিলতি: নিয়মিত শিক্ষার্থীদের দেওয়া হলো অনিয়মিতর প্রশ্ন, ৭৭ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ০৫:২৪:০০ অপরাহ্ন
ছবি: ।
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে চলমান আলিম পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে চরম অবহেলা ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়মিত (Regular) পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত প্রশ্নপত্র মজুদ থাকা সত্ত্বেও দায়িত্বরতদের ভুলে অনিয়মিত (Irregular) পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এর ফলে ৭৭ জন নিয়মিত শিক্ষার্থীর শিক্ষাজীবন ও পরীক্ষার ফলাফল নিয়ে চরম অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ‘ইংরেজি দ্বিতীয় পত্র’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থীদের বসার কক্ষে দায়িত্বরত পরিদর্শকেরা ভুলবশত নিয়মিতদের হাতে ‘ই-রেগুলার’ (অনিয়মিত) প্রশ্নপত্র তুলে দেন। পরীক্ষার্থীরা প্রশ্নের এই সূক্ষ্ম তারতম্য তাৎক্ষণিকভাবে বুঝতে না পেরে ওই ভুল প্রশ্নপত্রেই পরীক্ষা সম্পন্ন করে। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে সহপাঠীদের সাথে আলোচনা করার পর বিষয়টি জানাজানি হয়। এতে মুহূর্তের মধ্যেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা জানায়, নিয়মিত ও অনিয়মিত সিলেবাসের মান ও প্রশ্নের ধরনে বেশ কিছু পার্থক্য রয়েছে। নিয়মিত প্রশ্নপত্র কেন্দ্রে থাকা সত্ত্বেও কেন তাদের ভুল প্রশ্ন দেওয়া হলো, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিভাবকদের দাবি, পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তাদের এমন মারাত্মক ভুলের মাশুল কেন নিরীহ শিক্ষার্থীদের দিতে হবে? প্রশাসনের এই ভুলের কারণে যেন কোনোভাবেই শিক্ষার্থীদের ফলাফল বা শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য তারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব এবং কালাউড়া দারুসসুন্নাত কাছিমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কালিম উল্লাহ ভুলের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের অনিচ্ছাকৃত ভুলের কারণে নিয়মিত পরীক্ষার্থীদের মাঝে ই-রেগুলার প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
এদিকে, পরীক্ষায় ট্যাগ কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আবু হেনা মোস্তফা শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আমি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের সাথে কথা বলেছি। শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভুক্তভোগী শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল মনে করছেন, পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তাদের এই উদাসীনতা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। অবিলম্বে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই ৭৭ জন পরীক্ষার্থীর খাতা মূল্যায়নের ক্ষেত্রে বিশেষ ও বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে তাদের একটি বছর নষ্ট না হয়। একই সাথে দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।
এইচ বি বা