প্রকাশিত

১৮/০৭/২০২৬ ০৭:০১:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন

শাল্লায় প্রাথমিক শিক্ষক সমিতির শীর্ষ নেতৃত্বে মনোজ ও মোস্তাক

প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ০৭:০১:০০ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ও শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
​শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। উপজেলার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিংহভাগ শিক্ষকের উপস্থিতিতে উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়।
​সভায় উপস্থিত শিক্ষকদের প্রত্যক্ষ সমর্থন ও মতামতের ভিত্তিতে লক্ষীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ সরকার খোকনকে সভাপতি এবং সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মোস্তাক আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি পদে যথাক্রমে অজিত বরন তালুকদার, মো: আব্দুল হামিদ (প্রধান শিক্ষক, ইয়ারাবাদ সপ্রাবি), মাধন লাল দাস (প্রধান শিক্ষক, সরসপুর সপ্রাবি) এবং দেবেশ চৌধুরী (প্রধান শিক্ষক, মেধা সপ্রাবি)।
​এছাড়া যুগ্ম সম্পাদক পদে লিংকন রায় (দক্ষিণ মামুদনগর সপ্রাবি), সাংগঠনিক সম্পাদক পদে সীমান্ত তালুকদার (সহকারী শিক্ষক, শান্তিপুর ইসমাইল মিয়া সপ্রাবি), সহকারী সাংগঠনিক সম্পাদক পদে উষা রানী দাশ (সহকারী শিক্ষক, শাসখাই সপ্রাবি), অর্থ সম্পাদক পদে রুবেল তালুকদার (সহকারী শিক্ষক, ভাটগাও সপ্রাবি) এবং সহকারী কোষাধ্যক্ষ পদে প্রনতি রানী দাস (সহকারী শিক্ষক, বাহাড়া সপ্রাবি) নির্বাচিত হয়েছেন।
​উপস্থিত সাধারণ শিক্ষকরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সকল শিক্ষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কমিটি গঠিত হয়েছে। নতুন এই নেতৃত্ব শাল্লা উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষা এবং শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
​এদিকে শাল্লা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সুধী মহলের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সকল কর্মকর্তা ও সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
​কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে সাধারণ শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং উপজেলার প্রাথমিক শিক্ষার মান ও পরিবেশ আরও উন্নত করতে স্থানীয় প্রশাসন, অভিভাবক ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।


কে ইউ এন