অপহৃত তরুণী উদ্ধার
দিরাইয়ে পৃথক অভিযানে দুই জন গ্রেফতার,
প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ১১:২৪:২৭ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক দুটি অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চার কার্টুন ভারতীয় বিড়ি জব্দ এবং অপহরণ মামলার এক আসামিকে গ্রেফতারসহ অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়েছে। গতকাল দিরাই থানা-পুলিশের দুটি দল উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানা পুলিশের নেতৃত্বে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মোঃ শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ২ নম্বর ভাটিপাড়া ইউনিয়নের পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অভিযান চালায়। সেখান থেকে ৪ কার্টুন অবৈধ ভারতীয় ‘সেখ নাসিরুদ্দিন বিড়ি’ সহ সাহেদ (২২) নামের এক তরুণকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সাহেদ শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের মুহিবুর মিয়ার ছেলে।
এদিকে গত ৬ জুলাই দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি অপহরণ মামলার আসামিকে গ্রেফতারে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশ। এসআই কানন কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি দল জেলার জগন্নাথপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামি আইয়ুব নূরকে (২০) গ্রেফতার করে। আইয়ুব নূর দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের ধন মিয়ার ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে অপহৃত তরুণীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেফতার হওয়া দুই আসামিকে আজ যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কে ইউ এন