প্রধান শিক্ষকের মৃত্যু
দিরাইয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শংকর মজুমদার আর নেই
প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০৮:৫০:৩৯ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জের দিরাই উপজেলার পূর্বমাটিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শংকর মজুমদার আর নেই। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স ছিল ৫২ বছর, তিনি স্ত্রী ও মেয়ে এবং ছেলে রেখে গেছেন।
তিনি উপজেলার রফিনগর ইউনিয়নের সজনপুর গ্রামের মৃত মহেশ মজুমদারের তৃতীয় ছেলে। গতকাল রাতে সিলেট চালিবন্দর শ্মশানে প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের সেজো ভাই পিন্টু মজুমদার।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শংকর মজুমদারের এই আকস্মিক ও অকাল প্রস্থানে দিরাই উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন বিনয়ী, নিবেদিতপ্রাণ ও আদর্শ শিক্ষক হিসেবে তিনি এলাকায় অত্যন্ত সমাদৃত ছিলেন। তার এই চলে যাওয়াকে শিক্ষাঙ্গন ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন স্থানীয়রা।
এদিকে এই গুণী শিক্ষকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম রায় চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেন, "শংকর স্যার একজন অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। শিক্ষার আলো ছড়াতে তার অবদান ভোলা যাবে না।" তিনি প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি ও পরম সদগতি কামনা করেন এবং শোকগ্রস্ত পরিবার যেন এই কঠিন আঘাত সহ্য করার শক্তি পায়, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা জানান।
কে ইউ এন