সুনামগঞ্জে জমকালো আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপন
বর্ষায় নজরুলের প্রেম ও দ্রোহের বন্দনা:
প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ১০:১৯:১৬ অপরাহ্ন
ছবি: ।
“ছড়ায়ে বৃষ্টির বেলফুল, দুলায়ে মেঘলা চাঁচর চুল” জাতীয় কবির এই চিরন্তন ও নান্দনিক বাণীকে ধারণ করে সুনামগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হলো ‘বর্ষায় নজরুল’ উৎসব। নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এই প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির ঐতিহ্যবাহী হাছন রাজা মিলনায়তনে আয়োজিত এই উৎসবটি রূপ নেয় কবিপ্রেমী ও সংস্কৃতিজনদের মিলনমেলায়। অনুষ্ঠানটি মূলত দুটি পর্বে বিভক্ত ছিল জাতীয় কবির জীবন ও কর্মের ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা সভা এবং শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান। সৌরভ অধিকারী অয়ন ও সুমনা তালুকদার রিম্পির যৌথ ও সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক, সুনামগঞ্জ সরকারি কলেজ জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সদস্য সচিব, জেলা জাসাস ও সদস্য, জেলা বিএনপি আহ্বায়ক কমিটি মোনাজ্জির হোসেন সুজন, এডিশনাল পিপি এডভোকেট আনিসুজ্জামান শামীম।
আলোচনা সভায় বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্যকে বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, নজরুল কেবল একজন কবি নন, তিনি আমাদের জাতীয় চেতনার বাতিঘর। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ও বিদ্রোহী কবি। শোষণ, বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর অমর সৃষ্টি আজও আমাদের অনুপ্রাণিত করে। নজরুল সাহিত্যে বর্ষা ও প্রকৃতির যে রূপ ফুটে উঠেছে, তা অতুলনীয়। তবে নজরুলের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন তখনই সম্ভব হবে, যখন আমরা তাঁর অসাম্প্রদায়িক ও সাম্যবাদী চেতনাকে মুখে না রেখে মনে-প্রাণে ধারণ করতে পারব এবং তা বাস্তব জীবনে চর্চা করব।
আলোচনা সভা শেষে শুরু হয় উৎসবের দ্বিতীয় ও মূল আকর্ষণীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান। ঝুম বৃষ্টির এই মৌসুমে মিলনায়তন জুড়ে নেমে আসে নজরুলের সুর ও বাণীর ঝংকার। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির একঝাঁক তরুণ ও উদীয়মান শিক্ষার্থীর যৌথ পরিবেশনা দর্শকদের মন্ত্রমুগ্ধের মতো ধরে রাখে।
বর্ষার রাগ প্রধান গান এবং কবির বিখ্যাত কিছু প্রেম ও দ্রোহের গান পরিবেশন করেন একাডেমির সংগীত বিভাগের শিক্ষার্থীরা। নজরুলের প্রকৃতির গানের সাথে চমৎকার কোরিওগ্রাফিতে শিক্ষার্থীদের দলীয় নৃত্য ছিল গোটা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। কবির প্রেম, বিরহ ও অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা দ্রোহের কবিতাগুলোর ওজস্বী ও আবেগঘন আবৃত্তি দর্শকদের বিপুল করতালি কুড়ায়।
বর্ষার আবহে জাতীয় কবির এই স্মরণোৎসব সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করেছে। গভীর রাত পর্যন্ত মিলনায়তন ভর্তি দর্শক নজরুলের গানের ভেলায় ভেসে এই নান্দনিক আয়োজন উপভোগ করেন।
কে ইউ এন