প্রকাশিত

২৩/০৭/২০২৬ ১২:২৮:২৩ পূর্বাহ্ন

সিলেট জুড়ে

ছদ্মবেশে পুলিশের অভিযান:

সীমান্তে কুঁড়েঘর বানিয়ে থাকা ১১ মামলার পলাতক চোরাকারবারি দেলোয়ার গ্রেফতার

প্রকাশিত: ২৩/০৭/২০২৬ ১২:২৮:২৩ পূর্বাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে হত্যা, বিজিবির ওপর হামলা, মাদক ও চোরাচালানের মামলাসহ ১১টি ফৌজদারি মামলার এজাহারনামীয় পলাতক ও ৬টি পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ আসামি দেলোয়ার হোসেনকে (৩২) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সীমান্তে কুঁড়েঘর বানিয়ে আত্মগোপনে থাকা এই সীমান্ত চোরাচালানের মূল হোতাকে ছদ্মবেশ ধারণ করে কৌশলগত এক বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়।

বুধবার (২২ জুলাই) রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ।


প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দোয়ারাবাজার উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফুর ছেলে। তিনি সীমান্ত এলাকার চিহ্নিত চোরাকারবারি ও মাদক ব্যবসার মূল হোতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা মামলা, সীমান্তে বিজিবির ওপর হামলা, মাদক ও চোরাচালানসহ ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সময়ে দোয়ারাবাজার থানায় মোট ১১টি পৃথক মামলা রয়েছে [মামলা নম্বর- ১৪(০১)২০২৬, ০১(১২)২০২৫, ১৬(০৯)২০২৫, ৩৫(০৭)২০২৫, ০১(০৭)২০২৫, ১৫(০২)২০২৫, ০৭(১২)২০২৪, ০৭(১১)২০২৩, ১৩(০৮)২০২৩, ০৪(০১)২০২২ ও ০১(০৪)২০২২]। এছাড়া তার নামে পূর্বে ইস্যুকৃত ৬টি গ্রেফতারি পরোয়ানাও থানায় মূলতবী ছিল।

পুলিশ জানায়, আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিতে দেলোয়ার দীর্ঘদিন ধরে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন নির্জন স্থানে একটি কুঁড়েঘর তৈরি করে আত্মগোপন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) তানজির আহমেদের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ খাঁন, এএসআই আবু নাঈম ও এএসআই মোঃ আমির হোসেন সিকদারের সহযোগিতায় পুলিশের একটি চৌকস দল ছদ্মবেশে এলাকাটি ঘেরাও করে। পরবর্তীতে বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, "গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন এলাকার চিহ্নিত চোরাকারবারি ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

কে ইউ এন