ছবি: ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক ঐক্য থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। দলটি জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে গঠিত এ জোটের কার্যকারিতা শেষ হয়ে যাওয়ায় এখন থেকে তারা ১১ দলের সব কর্মসূচি থেকে বিরত থাকবে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ দলীয় ঐক্য মূলত জাতীয় নির্বাচনকে সামনে রেখে গঠিত একটি নির্বাচনী সমঝোতা ছিল। নির্বাচন শেষ হওয়ার পর সেই জোটের বাস্তবিক কার্যকারিতা আর নেই। যদিও নির্বাচন-পরবর্তী সময়ে কয়েকটি কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিয়েছিল, এখন থেকে তারা জোটের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে। তবে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে ভবিষ্যতে বৃহত্তর কোনো রাজনৈতিক ঐক্যের প্রয়োজন হলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার, পোস্টার বা প্রচারণায় তাদের দল কিংবা নেতাদের নাম ব্যবহার না করতে। পরে রংপুরের একটি কর্মসূচিতে দলের নাম ব্যবহার করা হলে আপত্তির পর তা প্রত্যাহার করা হয়। এরপর থেকে জোটের কোনো কর্মসূচিতে খেলাফত মজলিসের নাম ব্যবহার করা হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে। এ বিষয়ে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে ১১ দলের সঙ্গে একটি সমঝোতা হয়েছিল এবং সে সময় দলটি জোটের অংশ ছিল। নির্বাচন-পরবর্তী সময়ে কিছু কর্মসূচিতেও অংশ নিলেও বেশ কিছুদিন ধরে তারা জোটের কোনো কার্যক্রমে নেই। তাই সেই সমঝোতা আর বহাল রাখার প্রয়োজন দেখছে না দলটি। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নসহ কয়েকটি বিষয়ে ১১ দলের সঙ্গে তাদের নীতিগত মিল রয়েছে। তবে এখন থেকে এসব বিষয়ে খেলাফত মজলিস নিজস্ব রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই কাজ করবে। ভবিষ্যতে প্রয়োজন হলে নতুন কোনো বৃহত্তর ঐক্যের বিষয় বিবেচনা করা হবে। সম্প্রতি কওমি ধারার ইসলামি দলগুলোর মধ্যে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে খেলাফত আন্দোলনও ১১ দলীয় ঐক্য ছাড়ার ঘোষণা দিয়েছে। খেলাফত মজলিসের এই সিদ্ধান্তের ফলে জামায়াত নেতৃত্বাধীন জোটে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হলো। তবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এখনো ওই ১১ দলীয় জোটে রয়েছে।
এইচ বি বা