দিরাইয়ে বিএনপির সমাবেশ
এমপির অসুস্থতার সুযোগে ‘সিন্ডিকেটের’ অভিযোগ
প্রকাশিত: ০৮/০৮/২০২৬ ০৫:৪৩:০০ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জের দিরাইয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে পৌরসভার বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুকের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী'র সঞ্চালনায় মঈন উদ্দিন চৌধুরী মাসুক ও অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল সমর্থিত বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে একটি ‘সিন্ডিকেট’ গড়ে উঠেছে। এই সিন্ডিকেটের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি অতীতে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন বলেও অভিযোগ করেন তারা। বক্তাদের দাবি, বর্তমানে সংসদ সদস্যের অসুস্থতা ও অক্ষমতাকে পুঁজি করে ওই সিন্ডিকেট সরকারের বিভিন্ন উন্নয়ন বরাদ্দ, কৃষি প্রণোদনা, ঈদ অনুদানসহ বিভিন্ন সরকারি সহায়তা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। এর ফলে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না। দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক বলেন, দলের পদধারী নেতারা তারেক রহমানের প্রতিনিধি। তাদের বাদ দিয়ে পিএস-এপিএস দিয়ে দল পরিচালনা করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। তিনি আরও অভিযোগ করেন, চলতি অর্থবছরে সংসদ সদস্যের বরাদ্দ, কৃষি প্রণোদনা, ঈদের অনুদানসহ বিভিন্ন সরকারি সহায়তা একটি সিন্ডিকেট লুটেপুটে খাচ্ছে। মাসুক আরও বলেন, বিএনপির বিভিন্ন বলয়ে বিভক্ত নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধ হয়ে নাছির উদ্দিন চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। কিন্তু নির্বাচনের পর ওই সিন্ডিকেটের কারণে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী তাদের ধন্যবাদ পর্যন্ত দিতে পারেননি। এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান রতি রঞ্জন দাস, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অশোক রায়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী, সদস্য শোয়েব হাসান, অ্যাডভোকেট ওবায়দুর চৌধুরী মিশু, সুমন মিয়া, জাকারিয়া আহমেদ, সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত রিপন, পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মিলাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল তালুকদার, ছাত্রদল কলেজ শাখার সাবেক সভাপতি আবুল হাসনাত রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সদস্য সচিব তানভীর চৌধুরী, জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান সাগর ও উপজেলা জাসাসের আহ্বায়ক সৈদুর রহমান তালুকদারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশে বক্তারা দলীয় ঐক্য জোরদার করার পাশাপাশি সরকারি উন্নয়ন বরাদ্দ ও বিভিন্ন সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।
এইচ বি বা