ওসমানীনগরে ৯ প্রাণহানি: ইউনিক-বেঙ্গলের বাসের রেজিস্ট্রেশন স্থগিত
প্রকাশিত: ০৮/০৮/২০২৬ ১০:৪৮:০০ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুর্ঘটনাকবলিত দুই বাসের রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দুই বাসের মালিক ও চালককে তলব করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) এ বিষয়ে সংশ্লিষ্ট সার্কেল অফিসে চিঠি দিয়েছেন সিলেট বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আব্দুর রশিদ। রাতে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি ঢাকা সার্কেলের আওতাধীন। এ কারণে বাস দুটির রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করার সুপারিশ করে সংশ্লিষ্ট সার্কেল অফিসে চিঠি পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সঙ্গে দুর্ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে দুই বাসের মালিক ও চালককে পাঁচ দিনের মধ্যে বিআরটিএ কার্যালয়ে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহনের ঢাকাগামী বাস ও বেঙ্গল পরিবহনের সিলেটগামী স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে এক শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় বেশ ১৪ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার পর পরিবহন দুটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিআরটিএ।
শুভ প্রতিদিন/এমকে