পরীক্ষা নিয়ন্ত্রক
সিসি ক্যামেরায় ‘ক্লিন ও ক্লিয়ার’ পরীক্ষা, তাই সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক
প্রকাশিত: ১০/০৮/২০২৬ ০৫:৫৬:০১ অপরাহ্ন
ছবি: ।
সিলেট শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার কমে যাওয়ার কারণ হিসেবে পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনকে সামনে এনেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন। সোমবার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এবার মন্ত্রণালয়ের অর্ডার ছিল, প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর। সে অনুযায়ী সব কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ফলে এবার শিক্ষার্থীরা ক্লিন ও ক্লিয়ার পরীক্ষা দিয়েছে। আমার মনে হয়, সেই মোতাবেক ফলাফল আসছে।’ তবে এর অর্থ আগের বছরগুলোর পরীক্ষা সঠিকভাবে হয়নি, এমনটা বলতে চান না বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এরকম কিছু বলতে চাই না। তবে আমার অবজারভেশন, বাচ্চারা যতটুকু পড়েছে, সেই অনুযায়ী ফলাফল এসেছে। আমাদের মূল্যায়নে কোনো বৈষম্য হয়নি।’ এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ। পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার ইংরেজি ও গণিত বিষয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘মানবিক শাখার শিক্ষার্থীরা ইংরেজি ও গণিতে দুর্বল। তারাই বেশি ফেল করেছে।’ তবে পাসের হার কমলেও এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। গত বছর সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন। এবার পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন অর্থাৎ বেড়েছে ২২২টি।
এইচ বি বা