এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেলেন মাঠপর্যায়ের কর্মকর্তারা
প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ০২:৪০:২১ অপরাহ্ন
ছবি: ।
অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ বা বয়স সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ের কর্মকর্তাদের দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে বৃহস্পতিবার ইসির এনআইডি অনুবিভাগ থেকে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলাম সই করা একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমান শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপ-পরিচালক ও পরিচালকরা নিষ্পত্তি করতে পারবেন।
শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রমাণাদি বা দলিল গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করতে হবে। সংশোধনের আবেদন ইলেকট্রনিকভাবে অনুমোদন বা বাতিলের ক্ষেত্রে সিএমএসে আবশ্যিকভাবে নোট দিতে হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীনস্থ কর্মকর্তাদের সম্পাদিত কার্যক্রম মনিটরিং করবেন। পাশাপাশি দ্বৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার ন্যূনতম তিনটি আবেদন যথাযথভাবে নিষ্পত্তি হয়েছে কি না, তা যাচাই করে সংযুক্ত ছকে প্রতিবেদন প্রস্তুত করে পরিচালক (অপারেশনস)-এর ইন্টারনাল অ্যাকাউন্টে পাঠাতে হবে।
এ ছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুসারে জন্মতারিখ সংশোধনের আবেদন এবং জন্মতারিখের পাশাপাশি নিজ নাম ও পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনসংক্রান্ত আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য হবে।
পরিপত্রে বলা হয়েছে, জন্মতারিখ, নিজ নাম ও পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার সংশোধন করা যাবে না।
প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করেছে নির্বাচন কমিশন।
শুভ প্রতিদিন/এমকে