প্রকাশিত

০৯/০৯/২০২৬ ০৮:০২:৪৮ অপরাহ্ন

খেলাধুলা

এখনো ফুটবলটা পুরোপুরি ছাড়েননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি

স্প্যানিশ ক্লাবের মালিক হচ্ছেন মেসি

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০৮:০২:৪৮ অপরাহ্ন

ছবি: ।

এখনো ফুটবলটা পুরোপুরি ছাড়েননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। জাতীয় দলকে বিদায় বললেও চালিয়ে যাচ্ছেন ক্লাব ফুটবল। তবে এরই মধ্যে ক্লাবের মালিকানা কিনে মালিকও হয়ে গেছেন তিনি। এবার আলোচনায় আরও একটি ক্লাব কেনার। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্পেনের একটি ক্লাব কেনার চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন মেসি।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, স্প্যানিশ ক্লাব সিডি এলদেন্সের মালিকানা নিতে সম্মত হয়েছেন মেসি। এলদেন্সে এখন স্প্যানিশ ফুটবলের ‘সেগুন্দা’ ডিভিশনে খেলছে। এটি স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় শীর্ষ স্তর। অর্থাৎ লা লিগার পরের স্তরে খেলছে সিডি এলদেন্সে।
বর্তমানে সিডি এলদেন্সের মালিকানায় রয়েছে কলম্বিয়ান বিনিয়োগ গোষ্ঠী ‘গ্রুপো টিএইচ’। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, টিএইচ গ্রুপের অধীনে থাকা সমস্ত শেয়ার অধিগ্রহণের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন মেসি।
ক্লাবটির মালিকানা কেনার চুক্তিটি এখন যথাযথ যাচাই-বাছাই সম্পন্ন এবং স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি)-এর প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায়। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত ঘোষণা আসবে।
স্পেনের ভালেন্সিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল এলদা। এই শহরেরই ক্লাব এটি। ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় এলদেন্সে। তবে বেশির ভাগ সময়ই নিম্ন স্তরের ফুটবলে খেলেছে তারা। কিন্তু নতুন বিনিয়োগের পর দ্রুত উন্নতি হয়েছে তাদের। গত চার মৌসুমের তিনটিতেই এলদেন্সে দ্বিতীয় স্তরে খেলেছে।
এর আগে, গত ১৬ এপ্রিল স্পেনের পঞ্চম স্তরের ক্লাব কর্নেইয়া কিনে নেন মেসি। তবে সেটি এখনো পুরোপুরি পেশাদার ক্লাব নয়। ফলে সিডি এলদেন্সে কেনার চুক্তিটি সম্পন্ন হলে প্রথম পেশাদার ক্লাবের মালিক হবে মেসি।


খেলাধুলা/তা/৮