প্রকাশিত

১৫/১১/২০২৫ ০৮:৫৮:১০ অপরাহ্ন

সিলেট জুড়ে

বিগত ১৭ বছর যে উন্নয়ন হওয়ার কথা তার ছিটেফোঁটাও গোয়াইনঘাটে লাগেনি: আরিফ

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ০৮:৫৮:১০ অপরাহ্ন

ছবি: ।

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমি বিএনপির সাথে প্রায় ৪৭ বছর ধরে আছি। কোনদিনও বিএনপির সিদ্ধান্তের বাইরে আমি যাইনি। দলের সিদ্ধান্তে আমি আপনাদের খেদমতে এসেছি।
তিনি বলেন, বিগত ১৭ বছর যে উন্নয়ন হওয়ার কথা তার ছিটেফোঁটাও গোয়াইনঘাটে লাগেনি। খনিজ সম্পদে ভরপুর এই এলাকার মানুষ উন্নয়ন এবং কর্মসংস্থান থেকে বঞ্চিত।
শনিবার (১৫ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী নির্বাচনী আলোচনা, পথসভা, গণসংযোগ ও প্রচারনাকালে তিনি এসব কথা বলেন।
আরিফ বলেন, আমি আসার আগে আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলে এসেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন আমার নির্বাচনী এলাকার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে সার্বিকভাবে এই এলাকার চিত্র বদলে যাবে।
এছাড়াও আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলায় একটি মিছিল বের হয়। এর আগে গোয়াইনঘাট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতীদল, শ্রমিকদল সহ অঙ্গসংগঠনে উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব খালেদ আহমদ এবং সদস্য আলীম উদ্দিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম, তোয়াক্কুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির প্রমুখ নেতাকর্মী।
এছাড়াও দিনব্যাপী ওই অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শুভ প্রতিদিন/এমকে