শিক্ষির্থীদের প্রেস প্রিফিং
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন চলবে
প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০৫:০৭:১২ অপরাহ্ন
ছবি: ।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্ত করে কলেজকে সম্পূর্ণভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে নেওয়ার সুনির্দিষ্ট ও চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশের দাবিতে প্রেস ব্রিফিং করেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের (এসইসি) সাধারণ শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হওয়ার কারণে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির স্বকীয়তা, পেশাগত মান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এই ‘অধীনতা’ থেকে মুক্তির দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে কোনো দৃশ্যমান বা আশানুরূপ চূড়ান্ত ফলাফল মেলেনি।
শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের মূল দাবি আড়াল করতে সম্প্রতি অধ্যক্ষ পদের রদবদলসহ বিভিন্ন প্রশাসনিক আইওয়াশ করা হচ্ছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট প্রজ্ঞাপন বা গেজেট না আসা পর্যন্ত আমরা কোনো ধরনের সাময়িক আশ্বাস বা রুটিন পরিবর্তন মেনে নেব না।"
এর আগে উদ্ভূত পরিস্থিতি নিরসনে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক এবং জেলা প্রশাসনের সাথে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের বৈঠক হলেও সুনির্দিষ্ট কোনো রূপরেখা না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা সাফ জানিয়ে দেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে কারিগরি অধিদপ্তরের অধীনতামুক্ত করার চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ‘শাটডাউন’ বজায় থাকবে। একই সাথে ক্লাস, পরীক্ষা, ল্যাবসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বর্জন করা হবে।
শিক্ষার্থীরা অনতিবিলম্বে তাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে দীর্ঘদিনের এই সেশনজট ও প্রশাসনিক জটিলতার স্থায়ী অবসান ঘটাতে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন
kn