প্রকাশিত

০৭/১০/২০২৬ ০৬:৪৫:১০ অপরাহ্ন

আন্তর্জাতিক

সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা

সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৬:৪৫:১০ অপরাহ্ন

ছবি: কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার।


কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। জাহাজটি থেকে ২৩ ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করেছে রাশিয়ার কোস্টগার্ড।


মঙ্গলবার (৬ অক্টোবর) রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলের সোচি শহরের কাছাকাছি সাইরিয়াস এলাকায় এ হামলার ঘটনা ঘটে। রুশ পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, লাইবেরিয়ার পতাকাবাহী আফ্রাম্যাক্স রিও নামের তেলবাহী জাহাজটিতে সমুদ্রে ব্যবহারের উপযোগী একটি ড্রোন আঘাত হানে।

হামলার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়। দ্রুত সেই আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়লে বিপদের মধ্যে পড়েন নাবিকরা। খবর পেয়ে রাশিয়ার কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিতে থাকা ২৩ নাবিকই ভারতীয় নাগরিক। আগুনের তীব্রতার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়লেও শেষ পর্যন্ত সবাইকে জীবিত ও অক্ষত অবস্থায় সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

নাবিকদের উদ্ধারের পর ঘটনাস্থলে পৌঁছে রাশিয়ার দমকল বাহিনীর কয়েকটি ইউনিট। তারা জাহাজে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সমুদ্রের মধ্যে জাহাজটি আগুনে পুড়ছে এবং সেটি থেকে বিপুল পরিমাণ কালো ধোঁয়া বের হচ্ছে। হামলার পর সাইরিয়াস এলাকার সমুদ্রসৈকতগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।


এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি। তবে রুশ অপরিশোধিত তেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর ইউক্রেনের নজরদারি ও নিষেধাজ্ঞার বিষয়টি সামনে আসায় হামলার পেছনে ইউক্রেনের সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা চলছে।


s /a