রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত
প্রকাশিত: ১৯/১১/২০২৬ ০৭:০৫:২০ অপরাহ্ন
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঐতিহাসিক রায়ে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন।
আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতে, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আংশিক ধ্বংস করার সুস্পষ্ট ‘অভিপ্রায়’ ছিল এবং মিয়ানমারকে ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে। শুধু তাই নয়, রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে। দমন-পীড়ন চালিয়ে মিয়ানমারের ‘অভিপ্রায়’ ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার।
গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণার সময় বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া এমন পর্যবেক্ষণ দেন।
ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘সব তথ্যপ্রমাণ বিবেচনা করে আদালত এই অভিমতে পৌঁছেছেন যে, মিয়ানমারের কর্মকাণ্ড ব্যাখ্যা করার একমাত্র যুক্তিসঙ্গত ধারণা হলো উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়।’
মিয়ানমারের সামরিক বাহিনী ২০১৭ সালে কয়েক হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে বলেও পর্যবেক্ষণে উল্লেখ করেন তিনি।
জাতিসংঘের সর্বোচ্চ আদালত বলেন, মিয়ানমারের সেনারা রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণ করেছে, শিশুদের ওপর সহিংসতা চালিয়েছে এবং রোহিঙ্গা গ্রাম ও বসতি ধ্বংস করেছে।
আইসিজে প্রেসিডেন্ট বলেন, চরম নৃশসংসতার পর যখন বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল, তখনও তাদের ওপর হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত কক্ষে রায় পড়া শুরু করেন ইউজি ইওয়াসাওয়া।
কেএন



