প্রকাশিত

১৪/১০/২০২৬ ০৭:০৬:২৯ অপরাহ্ন

জাতীয়

গ্রেপ্তার হলেন সাবেক এমপি সুলতান মনসুর

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কুলাউড়ার সাবেক এমপি সুলতান মনসুরকে

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ০৭:০৬:২৯ অপরাহ্ন

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কুলাউড়ার সাবেক এমপি সুলতান মনসুরকে


রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরের হত্যা চেষ্টা মামলায় ডাকসুর সাবেক ভিপি ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সালেহ আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী সুলতান মোহাম্মদ মনসুরকে গ্রেপ্তার না দেখানোর আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ ডিসেম্বর কলাবাগান এলাকার লেক সার্কাসের ১ নম্বর সড়কের মাথা থেকে বাদী মুশফিকুর রহমানকে কয়েকজন ব্যক্তি একটি গাড়িতে তুলে নিয়ে গিয়ে মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন।

অভিযোগে বলা হয়, পরে তাকে হাজারীবাগ এলাকার একটি ট্যানারির গুদামে আটকে রাখা হয় এবং পরিবারের সদস্য ও পরিচিত ব্যক্তিদের ফোন নম্বর দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এছাড়া তার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেওয়ার পর ৫ ডিসেম্বর সকালে তাকে ছেড়ে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় হামলা, গুলিবর্ষণ, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এসব ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ইন্ধন ও নির্দেশনার অভিযোগও আনা হয়েছে।

এ ঘটনায় শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তিকে আসামি করে ভুক্তভোগী মুশফিকুর রহমান আবির মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার সময় হাজারীবাগ থানায় মামলা করার চেষ্টা করলেও তা গ্রহণ করা হয়নি। পরে ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়।

s /a