প্রকাশিত

১৪/১১/২০২৬ ০৬:২৮:০৫ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার ১

দোয়ারাবাজার সীমান্তে ভারত থেকে ফেরার পথে ৬ বাংলাদেশি আটক

প্রকাশিত: ১৪/১১/২০২৬ ০৬:২৮:০৫ অপরাহ্ন

দোয়ারাবাজার সীমান্তে ভারত থেকে ফেরার পথে ৬ বাংলাদেশি আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে মো. রিফাত (১৮) নামে স্থানীয় এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুই ব্যক্তি পালিয়ে গেছে।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধীনস্থ বাঁশতলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ছয় বাংলাদেশি হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের শেখ ছায়েদ আলীর ছেলে মো. কেরামত আলী (৪৬) এবং একই জেলার তাঁতিহাটি গ্রামের মিজানুর মিনার ছেলে মোসা. আফরিন খাতুন (১৬)।

এ ছাড়া মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নরারকান্দী গ্রামের মজনু ফকিরের ছেলে মো. বেলায়েত হোসেন (৪০), পূর্ব সরমঙ্গল গ্রামের ফজলে কাজীর ছেলে মো. হাসান কাজী (৪৫), একই গ্রামের আপি শিকদারের ছেলে মো. আসাদুল শিকদার (৩৩) এবং আসাদুল শিকদারের ছেলে মো. আব্দুল শিকদার (১৪)।

অন্যদিকে, তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে আটক স্থানীয় যুবক মো. রিফাত (১৮)। তিনি দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা গ্রামের রুপ চানের ছেলে।

বিজিবির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ছয় বাংলাদেশি দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে কাজ করছিলেন। তবে তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

বিজিবি সূত্রে জানা যায়, এর আগেও গত ২১ অক্টোবর বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে মানব পাচারের শিকার দুই বাংলাদেশি নাগরিকসহ এক মানব পাচারকারীকে আটক করা হয়েছিল। ওই ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক জাকারিয়া কাদির জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন, নিয়মিত ও বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে নজরদারি বাড়াতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার, সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং জনগণের জানমাল রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেএন

Advertisement
Advertisement
Advertisement