ছবি: ।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে সিলেটে শুরু হয়েছে জেলা পর্যায়ে ‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’। উদ্বোধনী ম্যাচে তাজপুর ডিগ্রি কলেজ ৩-০ গোল ব্যবধানে হযরত শাহ্জালাল (রহ.) ডিগ্রি কলেজ, জৈন্তাপুরকে হারায়।
একই দিনে আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে দিনের দ্বিতীয় ম্যাচে বালাগঞ্জ সরকারি কলেজ ও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মধ্যকার ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে বালাগঞ্জ সরকারি কলেজ ৫-৪ গোলে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে বিজয়ী হয়।
দিনের তৃতীয় ম্যাচে সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ ৪-০ গোল ব্যবধানে এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ, কোম্পানীগঞ্জকে হারায় এবং চতুর্থ ম্যাচে দক্ষিণ সুরমা সরকারি কলেজ ১-০ গোলে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারায়।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিলেট নগরেরন মেন্দিবাগ এলাকায় বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু ও ইয়াহইয়া ফজল, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ ও কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান মিটন, সাবেক ক্রীড়াবিদ ও ফুটবল কোচ মহসিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন তাজপুর ডিগ্রি কলেজ, ওসমানীনগর, সিলেট এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ খসরুজ্জামান, সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের এ্যাডহক কমিটির সদস্য-সচিব আজিম উদ্দিন প্রমুখ।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর উদ্যোগে, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া কার্যালয় সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ তারুণ্যের উৎসব এর তাৎপর্যসহ দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরে বলেন, ‘তরুণদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত রাখলে মাদকসহ অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।’
এর আগে শুরুতে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো. নূর হোসেন।
আজ বুধবার টুর্নামেন্টের চারটি খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দিনের প্রথম ম্যাচে সকাল ১০টায় তোয়াকুল কলেজ, গোয়াইনঘাট বনাম বিয়ানীবাজার সরকারি কলেজ, বিয়ানীবাজার, দ্বিতীয় ম্যাচে বেলা ১২.০০ টা সিলেটের এম. সি. কলেজ বনাম ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ, ফেঞ্চুগঞ্জ, তৃতীয় ম্যাচে বেলা ২টায় দয়ামীর কলেজ, ওসমানীনগর বনাম সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা এবং চতুর্থ ম্যাচে বেলা সাড়ে ০৩টায় জৈন্তিয়া ডিগ্রি কলেজ, বনাম কানাইঘাট সরকারি কলেজ, কানাইঘাট মুখোমুখি হবে।
শুভ প্রতিদিন/এমকে