বিশ্বনাথে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার
প্রকাশিত: ১৪/১২/২০২৫ ০২:২৫:৫১ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের বিশ্বনাথে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলার একমাত্র আসামি সেবুল মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সিংগেরকাছ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
র্যাব-৯ সূত্র জানায়, গ্রেপ্তার সেবুল মিয়া (২৫) বিশ্বনাথ উপজেলার মাঝগাঁও সিংগেরকাছ এলাকার বাসিন্দা। তিনি ভুক্তভোগী কিশোরীর সৎ চাচা এবং একই বাড়িতে আলাদা ঘরে বসবাস করতেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে সেবুল মিয়া কৌশলে ভুক্তভোগীর ছোট বোনকে মোবাইল ফোনের কথা বলে নিজের ঘরে ডাকেন। এ সময় প্রতিবন্ধী কিশোরীও তার ছোট বোনের সঙ্গে সেখানে যায়। পরে তিনি সামনের দরজা বন্ধ করে ছোট বোনকে পেছনের দরজা দিয়ে বাইরে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর ছোট বোন ঘরে ফিরে গিয়ে কিশোরীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। এ সময় চিৎকার করতে চাইলে সেবুল মিয়া তাকে হত্যার হুমকি দিয়ে মুখ চেপে ধরেন এবং বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন।
পরবর্তীতে ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা ঘরে গিয়ে কিশোরী ও তার ছোট বোনকে বাইরে নিয়ে আসেন। তখন ভুক্তভোগী কিশোরী জানান, তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।
এমকে