১৭ বছরেও চালু হয়নি দোয়ারাবাজার গ্রোথ সেন্টার মার্কেট
প্রকাশিত: ১৭/১২/২০২৫ ০৯:১৯:১১ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রোথ সেন্টার মার্কেট দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে অবহেলায় পড়ে রয়েছে। নির্মাণ সম্পন্ন হওয়ার পর আজ পর্যন্ত চালু না হওয়ায় এবং যথাযথ তদারকির অভাবে বর্তমানে মার্কেটটি গরু-ছাগলের অবাধ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে।
জানা যায়, ২০০৮ সালে উপজেলা সদরে জেলা পরিষদের ডাকবাংলোর পাশে এই গ্রোথ সেন্টার মার্কেটটি নির্মাণ করা হয়। আধুনিক সুবিধাসম্পন্ন এ মার্কেটে নারী বিক্রেতাদের জন্য আলাদা মহিলা বিপনী বিতান, মাছ, মাংস ও সবজি বিক্রির জন্য পৃথক শেড, একটি কসাইখানা, সুপেয় পানির টিউবওয়েল, বৈদ্যুতিক পাম্প ও পানির ট্যাঙ্কসহ টয়লেটের ব্যবস্থা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে মার্কেটটি চালু না করায় উপজেলা ভূমি অফিসের সামনে ও শরীফপুর ব্রিজের গোড়ায় মাছ ও সবজির অস্থায়ী বাজার বসছে। এতে সারাদিন তীব্র যানজট লেগে থাকে এবং বাজারের ময়লা-আবর্জনার দুর্গন্ধে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, গ্রোথ সেন্টার মার্কেটের বিভিন্ন শেডে গরু ও ছাগল অবাধে ঘোরাফেরা করছে। নারী বিপনী বিতানের দোকানঘরগুলো নামে-বেনামে বিভিন্ন ব্যক্তি দখল করে রেখেছেন। এছাড়া পরিত্যক্ত শেডে মাদকসেবী ও জুয়ারীদের আড্ডা বসতে দেখা গেছে, যা এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।
মাছিমপুর গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মিজানুর রহমান বলেন,এই মার্কেটটি অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। নদীর পাড়ে নির্মাণ করা হলে মাছ ব্যবসায়ীদের জন্য এটি আরও সুবিধাজনক হতো।
এ বিষয়ে এলজিইডির দোয়ারাবাজার উপজেলা উপসহকারী প্রকৌশলী জসীম উদ্দিন বলেন,শুনেছি আগে একাধিকবার মার্কেটটি চালুর চেষ্টা করা হয়েছিল। কিন্তু স্থানীয় মাছ ও সবজি ব্যবসায়ীরা এখানে আসতে আগ্রহী না হওয়ায় চালু করা সম্ভব হয়নি।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন,স্থানীয় লোকজন, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা সহযোগিতা করলে গ্রোথ সেন্টার মার্কেটটি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে।
দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি দ্রুত চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
এমকে