হেভিওয়েট প্রার্থী না থাকলেও ত্রিমুখী লড়াইয়ের আভাস সিলেট-৩ আসনে
প্রকাশিত: ০২/০২/২০২৬ ০৬:৩৩:০৮ অপরাহ্ন
ছবি: ।
দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ সংসদীয় আসনে ভোটের মাঠে চলছে টানটান উত্তেজনা। এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মোহাম্মদ আব্দুল মালিক। ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দীন রাজু। এছাড়া জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মইনুল বাকর ও মোস্তাকিম রাজা চৌধুরী নির্বাচনী মাঠে রয়েছেন।
নির্বাচনের শুরুতে এ আসনে জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী লোকমান আহমদ ভোটারদের দৃষ্টি কেড়েছিলেন। স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি ও সাংগঠনিক কারণে অনেকেই ধরে নিয়েছিলেন এ আসনে তিনিই বিজয়ী হবেন। তবে দলীয় সিদ্ধান্ত ও জোটগত সমঝোতার কারণে শেষ পর্যন্ত তাকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হয়। পরে ওই আসনে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দীন রাজুকে।
অন্যদিকে বিএনপি থেকে মোহাম্মদ আব্দুল মালিককে মনোনয়ন দেওয়ায় শুরুতে দলীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে এক ধরনের অনীহা দেখা যায়। মালেক দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এলাকার ভোটারদের কাছে নতুন ও অপরিচিত মুখ হিসেবে বিবেচিত ছিলেন। ফলে অনেকেই তাকে প্রার্থী হিসেবে মানতে রাজি ছিলেন না। তবুও শেষ পর্যন্ত তিনিই বিএনপির প্রার্থী হিসেবে সিলেট-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মনোনয়নপত্র সংগ্রহের শুরু থেকেই জামায়াতের প্রার্থী লোকমান আহমদ ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেক ভোটারই ধারণা করেছিলেন, এ আসন থেকে তিনিই নির্বাচিত হবেন। তবে ১১ দলীয় ঐক্যের সিদ্ধান্তে খেলাফত মজলিসের মুসলেহ উদ্দীন রাজুকে মনোনয়ন দেওয়ায় ভোটের মাঠে কিছুটা ভাটা পড়েছে বলে মনে করছেন অনেকে। তারা মনে করছেন রাজু এ আসনে তুলনামূলকভাবে নতুন মুখ। অপরদিকে বিএনপির প্রার্থী এম এ মালিক মাঠে সক্রিয়ভাবে কাজ করলেও ভোটারদের বড় একটি অংশ লোকমান আহমদের দিকেই ঝুঁকে ছিলেন। তবে লোকমান নির্বাচনী মাঠে না থাকায় মালিকের জন্য বিজয় অনেকটাই সহজ হয়ে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরীর পক্ষেও একটি অংশ মাঠে কাজ করছে। ফলে হেভিওয়েট কোনো প্রার্থী না থাকলেও এ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
এদিকে ভোটারদের কাছে সমর্থন আদায়ে প্রার্থীরাও নিয়মিত মাঠে রয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর এলাকায় বিএনপির আয়োজনে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন। অপরদিকে রিকশা প্রতীকের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজুও নিয়মিত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একইভাবে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী দক্ষিণ সুরমার খালেরমুখ এলাকায় গণসংযোগের পাশাপাশি এর আগে ফেঞ্চুগঞ্জ ও চানপুর বাজারে পথসভা করেন। এছাড়া এ আসনের অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ এলাকায় ভোটারদের কাছে গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শুভ প্রতিদিন/এমকে