এনসিপি পাচ্ছে না কোনো আসন
সিলেটের ১৯ আসনের মধ্যে ১০টিতে জামায়াতের প্রার্থী
প্রকাশিত: ১৮/০১/২০২৬ ১১:৫২:২০ পূর্বাহ্ন
ছবি: ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের আসন সমঝোতায় সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী দিচ্ছে জামায়াতে ইসলামী। বাকি ৯টি আসন জোটের শরিক অন্যান্য দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে সিলেট বিভাগের কোনো আসনেই জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রার্থী দেওয়া হয়নি। জোটের অভ্যন্তরীণ সমঝোতা অনুযায়ী এনসিপি সারা দেশে মোট ৩০টি আসনে প্রার্থী পাবে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ১০ দলীয় জোট ২৫৩টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়। তবে সে সময় কোন আসনে কোন দলের প্রার্থী থাকবে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পরবর্তীতে জোটের নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে সিলেট বিভাগের আসনভিত্তিক প্রার্থী তালিকার তথ্য পাওয়া যায়। তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনে (সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা) জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের কিয়দংশ) জামায়াতের প্রার্থী মাওলানা লোকমান আহমদ। সিলেট-৪ আসনে (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) জামায়াতের প্রার্থী মুহাম্মদ জয়নাল আবেদীন। সিলেট-৬ আসনে (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) জামায়াতের প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন। মৌলভীবাজার-১ আসনে (বড়লেখা ও জুড়ী) জামায়াতের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। মৌলভীবাজার-২ আসনে (কুলাউড়া) জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহেদ আলী। সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির। সুনামগঞ্জ-৪ আসনে (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শামসুদ্দিন আহমদ। সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) জামায়াতের প্রার্থী আবদুস সালাম আল মাদানি। হবিগঞ্জ-১ আসনে (নবীগঞ্জ ও বাহুবল) জামায়াতের প্রার্থী মুহাম্মদ শাহজাহান আলী। জোটের সিদ্ধান্ত অনুযায়ী সিলেট বিভাগের অবশিষ্ট ৯টি আসনে জামায়াতে ইসলামী প্রার্থী না দিয়ে শরিক দলগুলোর প্রার্থীদের সমর্থন দেবে।
শুভ প্রতিদিন/এমকে