প্রকাশিত

০৭/০৭/২০২৬ ১২:১০:০০ অপরাহ্ন

এক্সক্লুসিভ

নির্বাচন কমিশন কার্যালয়ে মাসের পর মাস ঘুরছেন ভুক্তভোগীরা

এনআইডির বয়স সংশোধনে অচলাবস্থা, ভোগান্তিতে প্রবাসীরা

প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ১২:১০:০০ অপরাহ্ন

ছবি: এনআইডির বয়স সংশোধনে অচলাবস্থা, ভোগান্তিতে প্রবাসীরা ইনফোগ্রাফি: সংগৃহীত।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে নতুন নিয়ম, কর্তৃপক্ষের অনীহা এবং দীর্ঘ আমলাতান্ত্রিক প্রক্রিয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রার্থীরা। বিশেষ করে জন্মতারিখ সংশোধনের আবেদনগুলো দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়ায় প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে বিপাকে পড়েছেন হাজারো মানুষ। এনআইডির সঙ্গে পাসপোর্ট, জন্মনিবন্ধন কিংবা শিক্ষাগত সনদের তথ্যের অমিল থাকায় অনেকেই পাসপোর্ট নবায়ন, বিদেশযাত্রা, ভিসা প্রক্রিয়া কিংবা চাকরির মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারছেন না।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগে জন্মতারিখ সংশোধনের আবেদন উপজেলা, জেলা বা আঞ্চলিক নির্বাচন অফিস থেকেই নিষ্পত্তি করা হতো। কিন্তু নতুন নিয়মে এসব আবেদন 'ঘ' ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ায়, এখন কেবল নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয় থেকেই অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত দেওয়া হয়। ফলে স্থানীয় নির্বাচন অফিসগুলো থেকে আবেদন নিষ্পত্তির কোনো ক্ষমতা তাদের নেই। এতে আবেদনকারীদের মাসের পর মাস, অনেক ক্ষেত্রে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা সাব্বির আহমদ দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্রের জন্মতারিখ সংশোধনের চেষ্টা করছেন। তিনি বলেন, ‘আমার বয়স সংশোধনের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র, এমনকি শিক্ষা বোর্ডের সনদও জমা দিয়েছি। কয়েকবার ঢাকায় নির্বাচন কমিশনে গিয়েছি কিন্তু এখন পর্যন্ত আবেদন অনুমোদন হয়নি। প্রতিবারই ঘুরে আসতে হচ্ছে, কোনো সমাধান মিলছে না।’
একই ধরনের সমস্যায় পড়েছেন দক্ষিণ সুরমা উপজেলার সিরাজুন নেছা। তিনি জানান, বিদেশে থাকা অবস্থায় পুরোনো জন্মনিবন্ধনের তথ্য দিয়ে প্রয়োজনীয় আবেদন করেছিলেন। পরে নতুন পাসপোর্ট করতে গিয়ে দেখা যায়, এনআইডির জন্মতারিখের সঙ্গে তথ্যের মিল নেই। এ কারণে পাসপোর্টের আবেদন আটকে গেছে।
তিনি বলেন, ‘সাত-আট মাস আগে অনলাইনে বয়স সংশোধনের আবেদন করেছি। এখন পর্যন্ত আবেদন অনুমোদনও হয়নি, বাতিলও হয়নি। কয়েকবার ঢাকায় গিয়েছি, কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি। ফলে পুরো ভিসা প্রক্রিয়াই বন্ধ হয়ে আছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু এই দুইজন নন, সিলেটের চার জেলার অসংখ্য মানুষ একই সমস্যার মুখোমুখি। কেউ বিদেশে কর্মরত, কেউ বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ চাকরির আবেদন কিংবা সরকারি সেবা গ্রহণে জটিলতায় পড়েছেন। অনেকের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ শেষ হলেও এনআইডির তথ্য সংশোধন না হওয়ায় নতুন পাসপোর্ট ইস্যু করা সম্ভব হচ্ছে না। তা ছাড়া, আবেদন নিষ্পত্তির কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় এবং কেন্দ্রীয়ভাবে বিপুলসংখ্যক আবেদন জমা হওয়ায় ফাইলের জট দিন দিন বাড়ছে।

এ বিষয়ে সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, নতুন নিয়ম অনুযায়ী জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন এখন সরাসরি নির্বাচন কমিশনের কার্যালয় থেকে নিষ্পত্তি করা হয়। এ ধরনের আবেদনের বিষয়ে জেলা বা আঞ্চলিক নির্বাচন অফিসের কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেই।
তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ঘ’ ক্যাটাগরিতে নিষ্পত্তি হয়। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে, সেটিই চূড়ান্ত হিসেবে কার্যকর হবে।”
তিনি আরও বলেন, “আমাদের কাছেও অনেকেই জন্মতারিখ সংশোধনের আবেদন সংক্রান্ত বিষয়ে আসেন। আমরা তাদের আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেয়, সে অনুযায়ীই আমাদের কার্যক্রম পরিচালনা করতে হয়।”

শুভ প্রতিদিন/এমকে