প্রকাশিত

২৫/০১/২০২৬ ০৮:১২:২০ অপরাহ্ন

সিলেট জুড়ে

দিরাইয়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার 'ত্রাস' উজ্জ্বল

প্রকাশিত: ২৫/০১/২০২৬ ০৮:১২:২০ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের দিরাইয়ে অবশেষে পতন হলো এক মূর্তিমান আতঙ্কের নাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক এবং এলাকায় ‘উজ্জ্বল বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত সেই বহুল আলোচিত উজ্জ্বল মিয়া(৩৬) এখন শ্রীঘরে।

শুক্রবার(২৩ জানুয়ারি) সন্ধ্যায় দিরাই পৌরসভার চন্ডিপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক রুদ্ধশ্বাস অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, তাজা ৮ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রের বিশাল মজুদ। গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে ধরাছোঁয়ার বাইরে থাকা এই নেতার অবশেষে গ্রেপ্তার।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই গোয়েন্দা নজরদারিতে ছিলেন উজ্জ্বল মিয়া। শুক্রবার সন্ধ্যায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস দল দিরাই পৌরসভার চন্ডিপুর এলাকায় অভিযানে নামে, সেনাবাহিনীর অভিযান চলাকালে তার বাড়ি ও ব্যক্তিগত খামার ঘেরাও করে তল্লাশি চালানো হয়। দীর্ঘ সময় ধরে চলা এই তল্লাশিতে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড তাজা গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স একটি নোকিয়া বাটম ফোন ও তার হেফাজত থেকে ৯টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসহ উজ্জ্বল মিয়াকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

​গ্রেপ্তারকৃত উজ্জ্বল মিয়া (৩৬) দিরাই উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং দিরাই পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়ার ছেলে।

বিগত আওয়ামী শাসনামলে দিরাইয়ের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গন ছিল উজ্জ্বলের হাতের মুঠোয়। বাবার ক্ষমতার দাপট আর নিজের গড়ে তোলা সশস্ত্র বাহিনীর মাধ্যমে তিনি দিরাইয়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।

বাজার ঘাট ইজারা, জমি দখল থেকে শুরু করে চাঁদাবাজি—সবখানেই ছিল তার বাহিনীর একচ্ছত্র আধিপত্য। তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পেত না। সামান্য প্রতিবাদ করলেই নেমে আসতো অকথ্য নির্যাতন।

​উজ্জ্বলের অপরাধনামা দীর্ঘ। তার বিরুদ্ধে এলাকায় আলোচিত ‘ট্রিপল মার্ডার’ বা তিন খুনের মামলাসহ একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর নৃশংস হামলা চালিয়ে রক্তাক্ত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ৫ই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সারা দেশের ন্যায় দিরাইয়েও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা আত্মগোপনে চলে যান। তবে উজ্জ্বল মিয়া স্থানীয় কিছু মহলের রাজনৈতিক প্রশ্রয়ে এবং নিজের ক্যাডার বাহিনীর পাহারায় এলাকায় অনেকটা প্রকাশ্যেই চলাফেরা করতেন। তার এই দম্ভ সাধারণ মানুষের মনে ক্ষোভের সঞ্চার করেছিল।

​দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে। তার বাড়ি ও খামার থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় তাকে প্রধান আসামি করা হয়েছে। তিনি আরও জানান, উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে আগের অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শুভ প্রতিদিন/এমকে