প্রকাশিত

০২/০২/২০২৬ ০৯:১৭:১৩ অপরাহ্ন

সিলেট জুড়ে

নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কমিশনের ভূমিকায় ঘাটতি: সিলেটে সংলাপে বক্তারা

প্রকাশিত: ০২/০২/২০২৬ ০৯:১৭:১৩ অপরাহ্ন

ছবি: ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের ভূমিকায় ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, কমিশনের দুর্বলতার কারণে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায় হয়রানির শিকার হচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার দাবি জানানো হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সিলেট অঞ্চলের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতরণে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক নির্বাচনী সংলাপে এসব কথা বলেন বক্তারা।

সংলাপে আসন্ন নির্বাচনে সিলেট বিভাগের চার জেলা ও ১৯টি সংসদীয় আসনের প্রার্থীদের হলফনামার বিশ্লেষণ তুলে ধরেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একদল শিক্ষার্থী। হলফনামা বিশ্লেষণের পাশাপাশি নির্বাচনের আগে বিদ্যমান অসঙ্গতি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও আলোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. সাহাবুল হক।

সংলাপে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করা সুশাসনের জন্য অত্যন্ত জরুরি। তিনি বলেন, সিলেটের সংসদীয় আসনগুলোতে প্রার্থীদের মধ্যে ব্যবসায়ীর সংখ্যা তুলনামূলক বেশি। ব্যবসায়ীরা রাজনীতিতে আসতে পারবেন, তবে ব্যক্তিস্বার্থ বা নিজস্ব ব্যবসা প্রসারে সংসদ সদস্য পদ ব্যবহার করা হলে তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

সুশাসনের জন্য নাগরিক (সুজন), সিলেট জেলার সভাপতি সৈয়দা শিরিন আক্তার বলেন, এবারের নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা অত্যন্ত কম। রাজনৈতিক দলগুলো ৫ শতাংশ নারী প্রার্থী মনোনয়নের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি। তিনি আরও বলেন, ভোটের আগেই সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতি হয়রানি বাড়ছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা দুর্বল ও ভঙ্গুর বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, প্রার্থীদের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। ঋণগ্রস্ত প্রার্থীরা জনগণের উন্নয়ন কীভাবে করবেন, সে প্রশ্নও তোলেন তিনি।

বিএনপির সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দল ক্ষমতায় এলে দেশে স্থিতিশীলতা আসবে। নতুন সরকার গঠনের পরও নাগরিক সমাজের চাপ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান সৈয়দ আশরাফুর রহমানের সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক দিলারা রহমান এবং নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’-এর সহসমন্বয়ক মুহাম্মদ আয়াজ উদ্দিন।

সংলাপ আয়োজনে সহযোগিতা করে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার জোট ‘ভয়েস নেটওয়ার্ক’ ও ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’।


শুভ প্রতিদিন/এমকে