প্রকাশিত

০৬/০২/২০২৬ ০৩:৪৯:৫১ অপরাহ্ন

সিলেট জুড়ে

আলেম-উলামা অধ্যুষিত সিলেট-৫ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস

প্রকাশিত: ০৬/০২/২০২৬ ০৩:৪৯:৫১ অপরাহ্ন

ছবি: ।

জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ সংসদীয় আসনটি আলেম-উলামা অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারও এ আসনে ভোটের মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। এখানে বিএনপির জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ, ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান এবং বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. বিলাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে মামুনুর রশীদকে। শুধু তাই নয়, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তার পক্ষে কাজ করায় জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকেও বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন মামুনুর রশীদ। তবে জোটগত সমঝোতার কারণে আসনটি বিএনপির জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দেওয়া হয়। ফলে জমিয়তের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে মাঠে নামেন মামুনুর রশীদ।
ভোটাররা জানান, এই আসনে ফুলতলী সাহেব কিবলাহ (র.)-এর বিশাল ভোটব্যাংক একটি বড় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও ফুলতলী সাহেব বাড়ির পক্ষ থেকে প্রকাশ্যে কাউকেই সমর্থন দেওয়া হয়নি, তবে এই ভোটব্যাংক যে নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে, তা নিয়ে একমত স্থানীয়রা। অন্যদিকে বিএনপির জোট প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক পুরোপুরি সুবিধাজনক অবস্থানে নেই বলেও মত ভোটারদের। অনেক বিএনপি সমর্থক বিদ্রোহী প্রার্থী মামুনুর রশীদের দিকে ঝুঁকতে পারেন, যার সুফল পেতে পারেন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান।

এদিকে দলের বাইরের ভোটারদের সমর্থন আদায় করতে সব প্রার্থীই নিয়মিত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক পথসভা করেন। তার পক্ষ থেকেও বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালানো হয়েছে। একই আসনে দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবুল হাসান ১১ দলীয় ঐক্য জোটের শরিক দলগুলোর নেতাকর্মীদের নিয়ে জোরালো প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ প্রতিদিনই পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়।


শুভ প্রতিদিন/এমকে