প্রকাশিত

০৭/১১/২০২৫ ০২:১৩:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

নানা সংকটের আবর্তে মধ্যনগরের প্রাথমিক শিক্ষা

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ০২:১৩:০০ অপরাহ্ন

ছবি: ।

নানাবিধ সংকটে থমকে আছে মধ্যনগর উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। বিদ্যালয়ের অভাব, যাতায়াতের দুরবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, স্কুল ফিডিং সুবিধার অনুপস্থিতি, দারিদ্র্য ও অভিভাবকদের সচেতনতার ঘাটতিতে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। এসব কারণে ঝরে পড়ছে বিপুল সংখ্যক শিক্ষার্থী।
এছাড়াও অনেক গ্রামেই এখনো বিদ্যালয় স্থাপন হয় নি। হাওরের পানি বন্দি মৌসুমে দূরের স্কুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে বছরের বড় একটি সময় শিশুরা পাঠদানের বাইরে থাকে। অন্যদিকে শিক্ষক সংকট, শিক্ষা বিভাগের জনবল স্বল্পতা এবং নিয়মিত তদারকির অভাবে বিদ্যালয়গুলোতে মানসম্মত পাঠদানের ঘাটতি দিন দিন প্রকট হচ্ছে। অনেক শিক্ষকও দায়িত্বশীলতার জায়গায় উদাসীন বলে অভিযোগ রয়েছে অভিভাবকদের।
সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত মেধা যাচাই পরীক্ষায়ও ফুটে উঠেছে মধ্যনগরের শিক্ষার মানের বাস্তবচিত্র। জেলার ১২টি উপজেলার ১ হাজার ৪৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ৫৯ হাজার শিক্ষার্থী অংশ নেয় এ পরীক্ষায়। ৩০৪টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭ দশমিক ০৬ শতাংশ।
প্রকাশিত ফলাফলে পঞ্চম শ্রেণিতে ৫৭ জন এবং চতুর্থ শ্রেণিতে ৪৮ জন শিক্ষার্থী শ্রেষ্ঠ ফলাফল অর্জন করে। এর মধ্যে মধ্যনগর উপজেলার পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী থাকলেও চতুর্থ শ্রেণি থেকে কেউ মেধাতালিকায় স্থান পায় নি। এছাড়া জেলার ১২টি উপজেলার মধ্যে ২০টি বিদ্যালয়কে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচন করা হলেও, মধ্যনগরের কোনো বিদ্যালয় সেই তালিকায় স্থান পায় নি।
মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্র জানায়, উপজেলার সর্বমোট ৮৪ টি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১১ হাজার ৬১৯ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। এর মধ্যে ৫ হাজার ৭৫০ জন ছাত্র ও ৫ হাজার ৯১৯ জন ছাত্রী।
মধ্যনগর উপজেলায় প্রাথমিক শিক্ষার নানাবিধ সংকটের মধ্য রয়েছে। জানা যায়, সারা জেলায় বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ১৬৬টি। এর মধ্যে মধ্যনগর উপজেলাতেই বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ৬৩টি। বিদ্যালয় বিহীন এসব গ্রামের প্রায় দুই সহস্রাধিক শিশু শিক্ষার আলো বঞ্চিত। সম্প্রতি একটি বেসরকারি সংস্থার জরীপে এ চিত্র উঠে এসেছে।
অনুসন্ধানে জানা গেছে, হাওর এলাকা ৬-৭ মাসই থাকে জলমগ্ন। গ্রামগুলো পরস্পর বিচ্ছিন্ন ও দূরত্ব বেশী। দীর্ঘ বর্যায় হাওর পাড়ি দিয়ে এক গ্রাম অন্য গ্রামের বিদ্যালয়ে যাওয়া ছোট শিশুদের পক্ষে অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ফলে অভিভাবকেরা অনিচ্ছা সত্ত্বেও সন্তানদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত রাখতে বাধ্য হচ্ছেন।
হরিনাকান্দি গ্রামের বাসিন্দা বিল্লাল মিয়া বলেন, গ্রামে স্কুল না থাকায় ইচ্ছা থাকলেও সন্তানদের পড়াতে পারছি না। বর্ষাকালে গ্রামের চারপাশ পানিতে ঘেরা থাকে, এভাবে ছোট বাচ্চাদের দূরের বিদ্যালয়ে পাঠানো অসম্ভব।
এছাড়াও মধ্যনগর উপজেলাকে স্কুল ফিডিং কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়নি। শিক্ষক ও অভিভাবকরা জানান, ফিডিং কর্মসূচি বন্ধ থাকায় শিক্ষার্থীর উপস্থিতি ২০-২৫ শতাংশ কমে গেছে। অনেকে শুধু বিস্কুটের জন্য নিয়মিত স্কুলে যেত, এখন তা না পেয়ে অনীহা দেখাচ্ছে।
এদিকে ‘অনেক শিশু শুধু এক প্যাকেট বিস্কুটের জন্যই নিয়মিত স্কুলে আসত’ বলে জানান কাকরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমূলগনী তালুকদার।
এদিকে উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশুর ১১.৯৫ শতাংশই নিয়মিত পাঠে টিকে থাকতে পারছে না। ঝরে পড়ার এই হার দিনে দিনে বাড়ছে। বিদ্যালয়বিহীন গ্রামের সুবিধা বঞ্চিত শিশু ও ঝরে পড়া এসব শিক্ষার্থীরা ক্ষেত-খামারে, স্থানীয় হাট-বাজারের হোটেল-রেস্তরাঁয়, এমনকি হাওরে মাছ ধরার কাজে জড়িয়ে পড়ছে। যা শিশু শ্রমের অনানুষ্ঠানিক চক্রকেই শক্তিশালী করছে।
শিক্ষক সংকট ও অবকাঠামো সংকট
মধ্যনগর উপজেলার ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭৮ জন শিক্ষক রয়েছেন। শূন্য রয়েছে প্রধান শিক্ষকের ৩২টি ও সহকারী শিক্ষকের ৬০ টি পদ। শিক্ষার্থীদের অভিভাবকেরা বলছেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়গুলো অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েছে। ফলে বিদ্যালয়গুলোতে পড়ালেখাসহ সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২১টি বিদ্যালয় ভবনও ঝুঁকিপূর্ণ। এগুলোর কোনোটার ছাদ ছুঁইয়ে পানি পড়ে, কোনোটার ছাদের পলেস্তারা খসে পড়ছে। এসব বিদ্যালয় জীবনের ঝুঁকি নিয়ে পড়ালেখা করতে যায় কোমলমতি শিশুরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রশাসনিক, একাডেমিক ও ব্যবস্থাপনাগত কার্যক্রম তদারকি করতে রয়েছেন উপজেলা শিক্ষা অফিসে নেই প্রয়োজনীয় জনবল। কর্মরত একজন শিক্ষা কর্মকর্তা ও একজন সহকারী শিক্ষা কর্মকর্তা ছাড়া বাকী পদগুলো শূণ্য। এতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিয়মিত বিদ্যালয় পরিদর্শনসহ সঠিকভাবে অন্যান্য কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। এছাড়া দাপ্তরিক কার্যক্রম চালাতে উপজেলা শিক্ষা অফিসের নেই কোনো স্থায়ী বা অস্থায়ী কার্যালয়।
মানসম্মত শিক্ষার ঘাটতি
বেশীরভাগ প্রাথমিক বিদ্যালয়ে মানা হয়না সরকার নির্দেশিত পাঠদান কার্যক্রমের সময় সূচী। বিদ্যালয়ে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি, বিলম্বিত উপস্থিতি, পাঠদান কার্যক্রমে অবহেলা, নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়া, হোম ভিজিটিং একেবারেই না করা ইত্যাদি কারনে মধ্যনগরের বিদ্যালয়গুলোতে রয়েছে মানসম্মত শিক্ষার ঘাটতি, এমন অভিযোগ অনেক অভিভাবকের।
মধ্যনগরের প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা নিয়ে কথা হলে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, বিধি অনুযায়ী, দুই হাজার জনগোষ্ঠীর মধ্যে একটি বিদ্যালয় স্থাপনের সুযোগ থাকে। কিন্তু মধ্যনগরের অধিকাংশ গ্রাম ছোট ও বিচ্ছিন্ন হওয়ায় অনেক ক্ষেত্রে জনসংখ্যা সেই মানদণ্ডে পড়ে না। তবু অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যালয়বিহীন ৮ টি গ্রামে নতুন বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাঠানো হয়েছে।
তিনি বলেন, 'ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দিয়ে সবকিছু ঠিকভাবে করা যায় না। একদিকে এ অঞ্চলটি দুর্গম হাওর এলাকা, অন্যদিকে আমাদের জনবল-সংকট থাকায় খুবই সমস্যা হচ্ছে।
তিনি আরও বলেন, জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগ ও ভবন সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছি। আশাকরি এসব সমস্যার সমাধান হবে।'
জেলা শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, এই মুহূর্তে নতুন বিদ্যালয় স্থাপনের সুযোগ নেই। তবে ভবিষ্যতে সরকার বিদ্যালয়বিহীন গ্রামে নতুন বিদ্যালয় স্থাপনের প্রকল্প গ্রহণ করলে, দুর্গম হাওরাঞ্চল হওয়ায় মধ্যনগর উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষক সংকট ও শিক্ষা অফিসের জনবল বিষয়ে তিনি বলেন, মধ্যনগর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসে পর্যায়ক্রমে জনবল সংকটের সমাধান করা হবে। আর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য থাকার বিষয়টি বিভাগীয় উপপরিচালক, সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুতই এর সমাধান মিলবে।


শুভ প্রতিদিন/এমকে