সিলেটের সেন্ট্র্যাল ফার্মেসি: এক হিরন্ময় যাত্রার পরিসমাপ্তি যেনো না হয়
সিলেটের সেন্ট্র্যাল ফার্মেসি: এক হিরন্ময় যাত্রার পরিসমাপ্তি যেনো না হয়
প্রকাশিত: ২০/০৪/২০২৬ ০৩:২৫:৩৭ অপরাহ্ন
ছবি: ।
কোনো ঘটনার গতিপ্রকৃতি নানা ধারণার জন্ম দেয়। মানুষের আগ্রহ বিচিত্র। যখন উপযুক্ত জায়গা থেকে সত্যটা জানান দেয়া না হয় তখনই নানা কথার গুঞ্জন শুরু হয়। নানা রসায়ন, নানা যুক্তি রঙ ছড়ায়। জনমনে জিজ্ঞাসা তৈরি হয়। তবে, সত্যাসত্য যাচাই করার দায়টা থেকেই যায়। সময় নিতে হয়। সিলেটের ঔষধ বিপণন ও চিকিৎসাসেবার সাথে প্রায় শতবর্ষের ঐতিহ্য ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, সবার পরিচিত সিলেট শহরের চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন 'সেন্ট্র্যাল ফার্মেসি'। ছোটবেলায় বাবার মুখে শুনা রেনুবাবু ও টটাবাবুদের ফার্মেসি। এই নামগুলো, এই শব্দগুলো সিলেট শহরের আদি বাসিন্দাদের কাছে খুব পরিচিত ছিল। তাঁরা পাঁচ ভাই। সেন্ট্র্যাল ফার্মেসি নামক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক পরিবার। বিনয়েন্দ্র কুমার দে(বিনয় বাবু), বিজেন্দ্র কুমার দে(রেনু বাবু), বীরেশ চন্দ্র দে(টটা বাবু), বিমলেন্দু কুমার দে(পুতুল বাবু), বিজিত কুমার দে(মাখন বাবু) - তাঁরা প্রত্যেকেই সিলেটের নাগরিক সমাজে পরিচিত ছিলেন। বিনয় বাবু ছিলেন তখনকার দিনে সিলেট জেলা জজকোর্টে মোক্তার বা আইনজীবী হিসেবে আইন পেশায় যুক্ত। রেনুবাবু ছিলেন সেন্ট্র্যাল ফার্মেসির মূল উদ্যোক্তা। তাঁর এ লাইনে তৎকালীন প্রচলিত প্রশিক্ষণ ও পড়াশোনা ছিল। টটাবাবু ছিলেন হিসেব-নিকেশে দক্ষ, ভালো ব্যবস্থাপক। তিনি ও রেনুবাবু দুজন মিলে শুরু করেছিলেন ফার্মেসি ব্যবসা ১৯৪৫ সালে। পুতুলবাবুও যুক্ত হয়েছিলেন পারিবারিক এ ব্যবসায়। মাখনবাবু সেসময় প্রাণবন্ত যুবক। তিনি তখন সিলেটের ঐতিহ্যবাহী মদনমোহন কলেজের শিক্ষক হিসেবে ধীরে ধীরে সিলেটের জননন্দিত 'বিজিত স্যার' হয়ে উঠছেন। তবে পারিবারিক এ ব্যবসা প্রতিষ্ঠানে পাঁচ ভাই যথাসাধ্য সময় দিতেন। আমার পরিবারের সাথে এই ফার্মেসি পরিবারের যে সম্পর্ক ছিল তাতে ছোটবেলা থেকেই মা-বাবার মুখে উনাদের কথা শুনেছি, নিজে দেখেছি এবং জেনেছি। বাবার সাথে সেন্ট্র্যাল ফার্মেসিতে গিয়ে পেছনের ছোটো রুমে বসে ইনজেকশন দেয়ার ভয়াবহ স্মৃতি আজও মনেপড়ে। চোখে ভাসে সেই চৌহাট্টার উঁচু রাস্তা, পাশে গভীর নালা। নালার উপরে লোহার গোলাকৃতি ছিদ্রযুক্ত ভারি একধরনের জালি দিয়ে ফার্মেসির পাকা বারান্দায় যাওয়ার ব্যবস্থা। কতো স্মৃতি! কতো মানুষের যুক্ততা! সেই পাকিস্তান আমল থেকেই নানা আন্দোলন সংগ্রাম, নানা গণ্ডগোল, হরতাল, কার্ফু(সান্ধ্যআইন), মিছিল, মিটিং কতোকিছুর নীরব সাক্ষী এই প্রতিষ্ঠানটি। হরতাল আর কার্ফুতেও সেন্ট্র্যাল ফার্মেসি বন্ধ হতো না। কারণ প্রতিষ্ঠানটি ছিল ঔষধ ও চিকিৎসা সংক্রান্ত এবং কারো প্রতিপক্ষ ছিলো না। সিলেট শহরে তখন এমন প্রতিষ্ঠান আর ছিল না বললেই চলে। তাই একটি পরিবারের মালিকানায় চলা একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রকৃতপক্ষে একটি সামাজিক প্রতিষ্ঠানে রূপ নিয়েছিল। এতে বিত্তলাভ হয়েছিল 'দে পরিবারের তবে চিত্তের লাভ হয়েছিল বহু সিলেটবাসীর। সিলেট শহরের রূপ-লাবণ্য বৃদ্ধির সাথে সাথে বেড়েছিল এই প্রতিষ্ঠানের পরিসর, সুনাম ও শ্রীসম্পদ। হয়ে উঠেছিল সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। একটি শহরের প্রাচীনত্ব নিয়ে কথা হলে, লেখা হলে, সেই জনপদের অনেক বিষয় সেখানে প্রাসঙ্গিক ভাবেই যুক্ত হয়। গর্বের বিষয় হিসবে কথিত হয়। সেন্ট্র্যাল ফার্মেসি সেরকমই অন্যতম নাম অন্তত সিলেট শহরের গল্পে, স্মৃতির আড্ডায়। আজ সেই প্রতিষ্ঠানটি হঠাৎ বন্ধ হয়ে গেছে। তালা ঝুলছে। হয়তো আর খুলবে না কখনো, হয়তো আবার খুলবে। আমরা জানি না কিছুই। ঔষধ কিনতে অনেক ভরসা নিয়ে এসে অনেকেই হয়তো ফিরে যাচ্ছেন। ফেসবুকে, ভার্চুয়াল মিডিয়াতে নানা কথার গুঞ্জন চলছে। নানা রসায়ন। নানা যুক্তি। সত্যাসত্য যাচাই কে করবে? একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো! হতেই পারে। এমন অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, স্থাপনা, নানাকিছু হারিয়ে যায় কালের গর্ভে। মানুষ হাহাকার করে আবার ভুলেও যায়। এটাই নিয়ম। কিছুই থেমে থাকে না। সেন্ট্র্যাল ফার্মেসিকে নিয়ে সিলেটের বাসিন্দা অনেক মানুষ এবং প্রবাসী অনেক সিলেটি যেমনটা ভাবছেন 'দে পরিবারের সবাইকি সেরকম ভাবছেন? কোনো প্রতিষ্ঠান ব্যক্তি বা পারিবারিক মালিকানার হলেও যখন সেটি নানা কারনে কালের প্রবাহে একটি জনপদের বা জনসমষ্টির স্মৃতি ও আবেগের সাথে যুক্ত হয়ে ঐতিহ্যের অংশ হয়ে যায় তখন সেটা নিয়ে মানুষ ভাবে, কথা বলে, অধিকার খাটাতে চায়। এটা আইনের অংশীদারি নয়, আবেগের অংশ। তাই সেন্ট্র্যাল ফার্মেসি নিয়ে এতো কথা। তবে তা যেনো অনুমান নির্ভর না হয়। উদ্দেশ্য প্রণোদিত না হয়। রটনা না হয়। 'মধুর ক্যান্টিন' ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ, বাংলাদেশের ইতিহাসেও নানা পরতে তার নাম লেখা হয়ে গেছে। পুরাতন ঢাকার 'বিউটি বোর্ডিং' যেমন বাংলাদেশের শিল্প-সাহিত্যের ইতিহাসের অংশ হয়েগেছে তেমনি সিলেটেও কিছু প্রতিষ্ঠান ছিলো এবং আছে। এসব টিকিয়ে রাখা সভ্যতার দায়। তবে ব্যবসাপ্রতিষ্ঠান চালাতে লোকবল প্রয়োজন, অর্থের প্রয়োজন - যা মালিক পক্ষ ছাড়া আর কেউ দেখবেনা, দায় নেবেনা। এতোদিন তো নিশ্চয় সেই রেকর্ড তাদের আছে। দেনাপাওনা, দ্রব্যসামগ্রী এসব নানা দায় তো তারাই নেবেন এবং নিশ্চয় এতোদিনের সুখ্যাতি তারা নষ্ট হতে দিবেননা। ন্যায়নীতি ও আইনের ঊর্ধ্বে তো কেউ নন। সময় পাল্টায়, পাল্টে যায় চারপাশ। নানা জটিলতা ও বাস্তবতার কারনেই অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এ প্রতিষ্ঠানটি কালের পরিক্রমায় আর তাল মেলাতে পারেনি হয়তো। স্থবির হয়ে কপাট বন্ধ করেছে। সেন্ট্র্যাল ফার্মেসি কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানটি বন্ধ করার পূর্বে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সিলেটবাসীকে সমুদয় বাস্তবতা জানাতে পারতেন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর সুযোগ নিতে পারতেন। নতুবা একটি প্রেস কনফারেন্স করে মিডিয়ার মাধ্যমে বিষয়টি তুলে ধরতে পারতেন। তাতে একটা পালক যুক্ত হতো। সিলেটের সকল ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, স্থাপনা, দীঘি, মাঠ, পাঠাগার সবকিছু টিকে থাক সমহিমায়। মানুষ শুধু খেয়েপরে বাঁচে না। (লেখকের ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত) নিরঞ্জন দে: তথ্যচিত্র নির্মাতা, সাংস্কৃতিক সংগঠক।
মানুষ ছিল সরল, মানুষের চিকিৎসা এবং ঔষধও ছিল সাদামাটা। মিকচার! সিরাপ! বড় বড় ট্যাবলেট! জলে গুলা পাউডার! কাঁচের মোটা সিরিঞ্জ আর সুঁই!
সিলেটের মানুষের এক নির্ভরতার নাম ছিল এই সেন্ট্র্যাল ফার্মেসি। সঠিক ঔষধ, যথাযথ দাম, সঠিক পরামর্শ, দিনরাত বিরামহীন ঔষধ পাওয়ার নিশ্চয়তা- এসব তখনকার দিনে জনমানসে তাঁদের শ্রদ্ধা ও ভালোবাসার আসনে বসিয়েছিল। সেই সিলেটকে যারা দেখেননি তারা হয়তো বুঝতেই পারবেননা মানুষ কতো দূরদূরান্ত থেকে এসে দীর্ঘ সময় দাঁড়িয়েও এই ফার্মেসি থেকে ঔষধ ক্রয় করতেন। রেণুবাবুর পরামর্শ নিতেন। মানুষ উপকৃত হতেন বলেই তাঁদের সুখ্যাতি ছড়িয়ে পড়ে চারদিকে। সেন্ট্র্যাল ফার্মেসি হয়ে ওঠে সিলেটের মানুষের প্রতিষ্ঠান।
ইতিহাসে এটাও লেখা থাকতো। এখনো সে সুযোগ আছে বলে আমি মনেকরি।
একটি একান্নবর্তী বাঙালি পরিবার হিসেবে এ পরিবারটির বেশ সুনাম ছিল সিলেটে। উৎসবে পার্বণে মুখরিত ছিলো। আইনজীবী, ব্যবসায়ী, কলেজ শিক্ষক এই পাঁচ ভাই জনদরদী ছিলেন, বিনম্র ছিলেন, সামাজিক ছিলেন। চারজন ইতোমধ্যে পরলোকগত হয়েছেন। শ্রদ্ধেয় অধ্যাপক বিজিত স্যার (মাখনবাবু) এখনো অসুস্থ শরীর নিয়ে বাড়িতেই আছেন। তাঁদের প্রতি এখনো সমাজের অনেকের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা রয়েছে অটুট। সুতরাং সেন্ট্র্যাল ফার্মেসি বন্ধ হওয়ার খবরে যারা ব্যাথিত হয়েছেন সেটা পরিমাপ করার মতো যোগ্যতা ও বোধ আশাকরি তাঁদের পরবর্তী প্রজন্মের রয়েছে। সমান ভাবে আমরাও জানতে চাই, সমব্যথী হতে চাই, স্মৃতিটুকু বাঁচিয়ে রাখতে চাই।
এইচ বি বা