প্রকাশিত

১০/১১/২০২৫ ০১:৩১:৪০ অপরাহ্ন

সিলেট জুড়ে

ধোপাজানে নিয়ে উত্তপ্ত আইন-শৃঙ্খলা সভা, বালু উত্তোলন বন্ধের সিদ্ধান্ত

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০১:৩১:৪০ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের বহুল আলোচিত ধোপাজান বালু মহাল নিয়ে রবিবার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা উত্তপ্ত হয়ে ওঠে। কোটি কোটি টাকার বালু লুটপাট, পরিবেশ ধ্বংস ও প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে একাধিক সদস্য ক্ষোভ প্রকাশ করেন।
রোববার (৯ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হওয়া সভা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। সভার বেশিরভাগ সময়জুড়েই আলোচনায় ছিল শহরতলির পাশে অবস্থিত ধোপাজান-চলতি নদীর ইজারা না হওয়া বালুমহাল থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগ। সভায় সদস্যরা প্রশ্ন তোলেন বছরের পর বছর এই লুটপাট চললেও প্রশাসন কেন পদক্ষেপ নেয়নি?”
সভা শেষে ডেপুটি কমিশনার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ধোপাজানে আপাতত সব ধরনের বালু উত্তোলন বন্ধ থাকবে। তিনি বলেন, নৌপরিবহন কর্তৃপক্ষের অনুমতি অনুযায়ী লিমপিড ইঞ্জিনিয়ারিং ধোপাজান নদী থেকে বালু উত্তোলন করছিল। তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কোর কমিটির সিদ্ধান্তে এখন থেকে যে কোনো ধরনের উত্তোলন বন্ধ থাকবে।
সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল হক বলেন, সরকারি সম্পদ বেআইনীভাবে লুট হচ্ছে। ভিট বালু উত্তোলনের নামে উন্নত মানের সিলিকা বালু তোলা হচ্ছে। অভিযান হলে ধরা পড়ে কেবল শ্রমজীবীরা, যারা পেটের দায়ে বাল্কহেড চালায়।
অতিরিক্ত পিপি ও বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী বলেন, বিআইডব্লিউটিএ বিতর্কিতভাবে লিমপিড নামে একটি ঢাকাভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক কোটি ২১ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিয়েছে। কিন্তু কয়েকদিনেই তারা তার চেয়ে বহুগুণ বেশি বালু নিয়ে গেছে।
সূত্র জানায়, সভা শুরুর আগে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে ২৮ বিজিবির অধিনায়ক সতর্ক করেন ধোপাজান নদীর ইস্যুতে ব্যবস্থা না নিলে উদ্ভট পরিস্থিতি তৈরি হতে পারে। এরপর সর্বসম্মতিক্রমে উত্তোলন বন্ধের সিদ্ধান্ত হয়।
মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা চলতি নদীর প্রবেশমুখেই অবস্থিত ধোপাজান বালু মহাল। জেলার একমাত্র বালুমিশ্রিত পাথর কোয়ারি এটি। স্থানীয়দের জীবন-জীবিকা ও পরিবেশ বিপর্যয় ঠেকাতে ২০১৮ সালে আদালত এ মহাল থেকে বালু উত্তোলন নিষিদ্ধ করেছিলেন। কিন্তু ২০২৪ সালের আগস্টে ফের শুরু হয় উত্তোলন, এবং মাত্র এক মাসের ব্যবধানে প্রায় দেড়শ কোটি টাকার বালু লুট হয় বলে অভিযোগ।


শুভ প্রতিদিন/এমকে