প্রকাশিত

১২/০৫/২০২৬ ০৭:০২:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

রাজনৈতিক সিদ্ধান্তে শহর থেকে গ্রামে জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র

প্রকাশিত: ১২/০৫/২০২৬ ০৭:০২:০০ অপরাহ্ন

ছবি: সিলেট জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র।

#অচল ওটি, পরিত্যক্ত অ্যাম্বুলেন্স, চিকিৎসক সংকট
দীর্ঘ ২৪ বছর পূর্বেও সিলেটে স্বাভাবিক প্রসব ও মাতৃসেবার অন্যতম নির্ভরতার নাম ছিল জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র। তখন সিজারিয়ান প্রসবের হারও ছিল তুলনামূলক কম। নগরীর মদিনা মার্কেট এলাকায় ভাড়া বাসায় পরিচালিত ছোট পরিসরের এ সরকারি স্বাস্থ্যকেন্দ্রটি ধীরে ধীরে আস্থা অর্জন করেছিল সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের গর্ভবতী নারীদের জন্য এটি ছিল সহজলভ্য ও গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র। তবে ২০০৫ সালে কেন্দ্রটি শহর থেকে সরিয়ে নেওয়া হয় দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের লক্ষ্মীপুর অতিরবাড়ি এলাকায়। তৎকালীন সিলেট-৩ আসনের সংসদ সদস্য শফি আহমদ চৌধুরীর উদ্যোগে স্থানান্তরের পর থেকেই কার্যত গুরুত্ব হারাতে শুরু করে প্রতিষ্ঠানটি। শহর থেকে দূরে চলে যাওয়ায় জেলার বিভিন্ন উপজেলা থেকে রোগীদের যাতায়াত কঠিন হয়ে পড়ে। ফলে একসময়কার ব্যস্ত হাসপাতালটি ধীরে ধীরে নির্দিষ্ট একটি এলাকার সেবাকেন্দ্রে পরিণত হয়।
সম্প্রতি সরেজমিনে অতিরবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, গ্রামের শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছে তিনতলা একটি দৃষ্টিনন্দন ভবন। চারপাশে ফুলের বাগান, চকচকে টাইলস আর পরিপাটি করিডোর। তবে সব ঠিক থাকলেও হাসপাতালের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে ভিন্ন চিত্র–নেই রোগীর ভিড়, নেই চিকিৎসাসেবার ব্যস্ততা। পুরো ভবনজুড়ে যেন এক ধরনের নীরবতা বিরাজ করছে।
হাসপাতালের নিচতলায় রয়েছে মেডিকেল অফিসারের কক্ষ, নার্স স্টেশন, কিশোর-কিশোরী সেবা কক্ষ, ব্রেস্ট ফিডিং কর্নার, পরিবার পরিকল্পনা পরিদর্শিকার কক্ষ ও ডিসপেনসারি। দ্বিতীয় তলায় রয়েছে ২০ শয্যার ওয়ার্ড, একটি সাধারণ অপারেশন থিয়েটার (ওটি) ও একটি লেবার ওটি। তবে অ্যানেস্থেসিস্ট না থাকায় দীর্ঘদিন ধরে সাধারণ ওটি বন্ধ রয়েছে। ফলে সিজারিয়ান সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে দামি চিকিৎসা সরঞ্জাম। যদিও পরিবার পরিকল্পনা কর্মীরা স্বাভাবিক প্রসব করানোর কাজ চালিয়ে যাওয়ায় লেবার ওটি এখনও সচল রয়েছে।
তৃতীয় তলায় রয়েছে আরও কয়েকটি প্রায় পরিত্যক্ত কক্ষ। হাসপাতালের পাশে চিকিৎসক ও পরিবার পরিকল্পনা কর্মীদের জন্য আবাসন ব্যবস্থাও রয়েছে। একটি কোয়ার্টারে থাকেন মেডিকেল অফিসার ইশরাত জাহান খান এবং অন্য একটি ভবনে থাকেন দুইজন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা
স্বাস্থ্যকেন্দ্রটির আরেকটি বড় সংকট অ্যাম্বুলেন্স সেবা। হাসপাতালের পাশে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে একটি অ্যাম্বুলেন্স। সংশ্লিষ্টরা জানান, ২০১৩ সালের পর থেকে চালক না থাকায় এটি আর ব্যবহার করা সম্ভব হয়নি। একসময় গুরুতর রোগীদের এ অ্যাম্বুলেন্সে করে জেলা শহরে পাঠানো হতো। এখন সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটিতে অনুমোদিত ১০টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র সাতজন। এর বাইরে প্রেষণে কর্মরত রয়েছেন দুইজন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, একজন মেডিকেল টেকনোলজিস্ট ও একজন আয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেল অফিসার (অ্যানেস্থেশিয়া) পদটি দীর্ঘদিন ধরে শূন্য। ওই কর্মকর্তা বিদেশে চলে যাওয়ার পর আর কাউকে পদায়ন করা হয়নি। ফলে হাসপাতালটিতে এখন কার্যত পরামর্শ ও সীমিত সেবা ছাড়া বড় ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
এছাড়া দীর্ঘ প্রায় ১০ মাস ধরে হাসপাতালটিতে ওষুধ সংকট চলছে বলেও জানা গেছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটের কারণে পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জানা যায়, ২০০৫ সালের ২৫ জুন দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় প্রায় পাঁচ শতক জমির ওপর স্বাস্থ্যকেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্থানীয় আট ব্যক্তি জমি দান করেছিলেন। পরবর্তীতে সেখানে স্থায়ী ভবন নির্মাণ করা হলেও কেন্দ্রটি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
পরিবার পরিকল্পনা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তৎকালীন রাজনৈতিক সিদ্ধান্তে শহর থেকে গ্রামে স্থানান্তরের পর থেকেই প্রতিষ্ঠানটি কার্যত গুরুত্ব হারিয়েছে। বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্বাস্থ্যকেন্দ্রটির মেডিকেল অফিসার ইশরাত জাহান খান জানান, প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন রোগী এখানে আসেন। তাদের বেশিরভাগ পরিবার পরিকল্পনা-সংক্রান্ত সেবা নেন। প্রতি মাসে ১৫ থেকে ২০টি স্বাভাবিক প্রসব করানো হয়। তবে অ্যানেস্থেসিস্ট না থাকায় এক বছরের বেশি সময় ধরে সিজারিয়ান সেবা বন্ধ রয়েছে।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, মা ও শিশু কেন্দ্র শুধু শহরেই থাকতে হবে এমন নয়। তবে প্রতিষ্ঠানটির প্রচার-প্রচারণা বাড়ানো দরকার। তিনি বলেন, মা ও শিশু কেন্দ্রগুলো পরিবার পরিকল্পনা বিভাগের অধীন হওয়ায় স্থানান্তরের বিষয়ে তারাই ভালো বলতে পারবেন।
অন্যদিকে সিলেট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. নিয়াজুর রহমান বলেন, সাধারণত জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলো শহরের মধ্যেই থাকে। তবে সিলেটের কেন্দ্রটি কেন দূরে সরানো হয়েছিল, সে বিষয়ে আমার জানা নেই। আমি যোগদানের আগেই এটি স্থানান্তর করা হয়েছে।


শুভ প্রতিদিন/এমকে