প্রকাশিত

১৩/০৫/২০২৬ ১২:১৮:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

কমিউনিটি ক্লিনিক থেকে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, সর্বত্রই সংকট

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ১২:১৮:০০ অপরাহ্ন

ছবি: সিলেটের খাদিমনগর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র।

#নথিতে ৩৭০ স্বাস্থ্যকেন্দ্র
#ঔষধ সরবরাহ বন্ধ দীর্ঘদিন থেকে
#ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে আসেন না চিকিৎসক

সিলেট জেলায় উপজেলা হাসপাতালের বাইরে কমিউনিটি পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে ৩৭০টি। কাগজে-কলমে বিশাল এই স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকলেও বাস্তবে অধিকাংশ প্রতিষ্ঠানই নাগরিক সেবা দিতে পারছে না। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকট, প্রয়োজনীয় ওষুধের অভাব, তদারকির ঘাটতি এবং সমন্বয়হীনতায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলো অনেকটাই নামসর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগ এবং অনেক ক্ষেত্রে এলাকাবাসীর জমি দানের মাধ্যমে এসব স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠেছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে জেলা ও উপজেলা পর্যায়ে অন্তত ১০টি নতুন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালু হয়। কিন্তু অবকাঠামো নির্মাণের পরও অধিকাংশ প্রতিষ্ঠানে শুরু থেকেই ছিল জনবল সংকট। কোথাও চিকিৎসক নেই, কোথাও নেই প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী, আবার কোথাও ভবন থাকলেও নিয়মিত সেবা মিলছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিসিএস ক্যাডার চিকিৎসকদের প্রথম পদায়ন থাকলেও বেশিরভাগ চিকিৎসক নিয়মিত সেখানে বসেন না। অনেক ক্ষেত্রে সপ্তাহে এক বা দুই দিন চিকিৎসক উপস্থিত থাকেন, বাকি সময় দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ফলে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীরা মূলত বিনামূল্যের ওষুধ নিতে যান। চিকিৎসাসেবা পাওয়ার প্রত্যাশা নিয়ে গিয়ে অনেকেই হতাশ হয়ে ফিরছেন। একই অবস্থা ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোতেও। গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এসব ক্লিনিকে নিয়মিত চিকিৎসক না থাকায় কার্যকর স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। অনেক ক্লিনিকে পর্যাপ্ত ওষুধ সরবরাহ নেই, আবার কোথাও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামেরও সংকট রয়েছে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা শহরের হাসপাতালের দিকে ছুটছেন।
সরেজমিনে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ ও অনেকটা পরিত্যক্ত একটি ভবনে বসে আছেন মাত্র একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউবি)। সঙ্গে রয়েছেন একজন আয়া। কেন্দ্রটির ভবনের অবস্থা যেমন নাজুক, তেমনি সেবার অবস্থাও করুণ। অধিকাংশ কক্ষ তালাবদ্ধ। নেই পর্যাপ্ত ওষুধ, নেই রোগীর উপস্থিতিও।
সেখানে কর্মরত এফডব্লিউবি রণজিতা রানী বলেন, এই স্বাস্থ্যকেন্দ্রে সামান্য পানির ব্যবস্থাও নেই। জরুরি প্রয়োজনে স্থানীয়দের বাসা থেকে পানি আনতে হয়। তিনি বলেন, যোগদানের পর নয় মাস পার হলেও এখনো স্যাকমো পদে কেউ যোগ দেননি। ফলে আয়া থেকে শুরু করে প্রায় সব ধরনের কাজ তাকেই করতে হচ্ছে। তিনি আরও বলেন, গত নয় মাসে মাত্র একবার ওষুধ এসেছে। গত ছয়-সাত মাস ধরে কোনো ওষুধই নেই বললেই চলে। তাই রোগীর উপস্থিতিও কমে গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট জেলায় ইউনিয়ন পর্যায়ে মোট ৯৪টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে ২৫টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র এবং পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে ৬৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় সরকার পরিচালিত কমিউনিটি ক্লিনিক রয়েছে ২৭৬টি।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য বিভাগের সরাসরি নিয়ন্ত্রণাধীন কেন্দ্রগুলোকে ইউনিয়ন সাব সেন্টার এবং পরিবার পরিকল্পনা বিভাগের অধীনস্থ কেন্দ্রগুলোকে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার বলা হয়। পরিবার পরিকল্পনা বিভাগে নিজস্ব চিকিৎসক না থাকায় স্বাস্থ্য বিভাগ থেকেই চিকিৎসকদের পোস্টিং দেওয়া হয়। তিনি বলেন, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর চাপ অনেক বেশি। এজন্য সব সাব সেন্টারে পূর্ণ সময়ের চিকিৎসক দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক চিকিৎসককে সপ্তাহে এক-দুই দিন সাব সেন্টারে গিয়ে বাকি সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করতে হয়।


শুভ প্রতিদিন/এমকে