ভোটার হতে ফাইল জমা, মাস পেরোলেও ছবি-আঙুলের ছাপ হয়নি
সিলেট সদর নির্বাচন অফিসে সেবা পেতে ভোগান্তির অভিযোগ
প্রকাশিত: ০২/০৯/২০২৬ ০৮:৫০:৩৪ অপরাহ্ন
ছবি: ।
ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসে ভোগান্তির অভিযোগ উঠেছে। আবেদন জমা দেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছবি তোলা ও আঙুলের ছাপসহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন না হওয়া এবং এনআইডি না পাওয়ার অভিযোগ করেছেন কয়েকজন আবেদনকারী।
নগরীর সাম্য জানান, ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য গত ২৮ জুলাই সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসে ফাইল জমা দিয়েছেন তিনি। জমা দেওয়ার পর তাকে মেসেজের মাধ্যমে পরবর্তী কার্যক্রমের জন্য জানানো হবে বলে বলা হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো মেসেজ পাননি তিনি। ফলে ছবিতোলা ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রমও সম্পন্ন করতে পারেননি।
আরেক ভুক্তভোগী সালমা সুইডেনে বসবাস করেন। জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য তিনি দেশে এসে গত ৭ জুলাই সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসে ছবি ও আঙুলের ছাপ দিয়ে যান। তবে এখন পর্যন্ত তার এনআইডি কার্ড হয়নি বলে জানান তিনি।
এ ছাড়া সদর নির্বাচন অফিসে সেবা নিতে যাওয়া আরেক ভোটারকে ‘সিলেটের’ স্থায়ী নন উল্লেখ করে সংশ্লিষ্ট এক কর্মকর্তা অসম্মান করে অফিস থেকে বের করে দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীনুল ইসলাম চৌধুরীর অফিসিয়াল যোগাযোগ নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ বলেন, সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসে প্রতিদিন অসংখ্য আবেদন জমা হয়। এ ছাড়া স্থানীয় নির্বাচন সামনে থাকায় ভোটার তালিকা প্রণয়ন ও ভোটকেন্দ্র পরিদর্শনের কাজ করতে হচ্ছে। ফলে উপজেলা নির্বাচন কর্মকর্তা কিছুটা ব্যস্ত সময় পার করছেন।
তিনি বলেন, সিলেট সদর ও সিটি করপোরেশন মিলিয়ে প্রায় ৬ লাখ ভোটার রয়েছেন। সিলেটের মধ্যে এখানেই সবচেয়ে বেশি ভোটার। তাই কিছুটা সময় লাগছে। আশা করি, এসব সমস্যা শিগ্গিরই সমাধান হবে।
খোশনূর রুবাইয়াৎ বলেন, প্রবাসীদের জন্য নির্বাচন অফিসে আলাদা ডেস্ক করার পরিকল্পনা করা হচ্ছে। এতে তাদের সেবা পেতে সুবিধা হবে।
শুভ প্রতিদিন/এমকে