প্রকাশিত

২১/১০/২০২৬ ০২:৫১:১৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিঁদুর পরিয়ে পরিবারের সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা

আজ বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের শেষ দিন

প্রকাশিত: ২১/১০/২০২৬ ০২:৫১:১৭ অপরাহ্ন

আজ বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের শেষ দিন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ বুধবার বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে। 

গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া এই ছয়দিন ব্যাপী আনন্দ-উৎসবের আজ চূড়ান্ত সমাপ্তি ঘটছে।

আজ সকাল থেকেই সিলেটের প্রতিটি পূজামণ্ডপে ছিল দেবী দুর্গার বিদায়ের বিষাদ ও উৎসবের মিশ্র আমেজ। সকাল ৯টায় দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মাধ্যমে দেবীর বিদায় পর্বের আনুষ্ঠানিক সূচনা হয়।

এরপর সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় হিন্দু বিবাহিত নারীদের ঐতিহ্যবাহী ‘সিঁদুর খেলা’ ও সিঁদুর বরণ অনুষ্ঠান। নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে পরিবারের সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।

সিলেটে দুপুরের পর থেকেই শুরু হয়েছে প্রতিমা বিসর্জনের মূল প্রস্তুতি।
এবার সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার তথ্য অনুযাযী সিলেট জেলায় সর্বজনীন ৪৪৮টি ও পারিবারিক ২৬টিসহ মোট ৪৭৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

মহানগর এলাকায় সর্বজনীন ১৪৬টি ও পারিবারিক উদ্যোগে ১৬টিসহ ১৬২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।


এ বছর সারাদেশে মোট ৩৩,১৬৫টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে, যার মধ্যে রাজধানীতেই ছিল ২৫৮টি মণ্ডপ। সরকারি নির্বাহী আদেশে এবার দুর্গাপূজার ছুটি বাড়িয়ে ৫ দিন করা হয়েছে, যা ভক্তদের মাঝে বাড়তি আনন্দ জুগিয়েছে। অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জনের মাধ্যমে ‘আসছে বছর আবার হবে’ এই প্রার্থনায় মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা।

কেএন