বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে
প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০৮:৫৯:১৩ অপরাহ্ন
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি কাবাডি, ভলিবল, হকি, দাবা ও টেনিসসহ সব খেলায় প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে। নির্দিষ্ট পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়রা একটি দেশের সম্পদে পরিণত হন এবং তাদের অর্জন জাতির গর্ব হয়ে থাকে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ে বিজয়ী সিলেট বিভাগের প্রতিযোগীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় পর্যায়ে কাবাডি ও ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া সিলেট বিভাগের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, “তোমরা সিলেটের সম্পদ। তোমাদের এই কৃতিত্ব আমরা বহু বছর মনে রাখব। সিলেটবাসী তোমাদের নিয়ে গর্ব করতে পারে।”
তিনি বলেন, দেশে দীর্ঘদিন খেলাধুলাকে পূর্ণাঙ্গ পেশা হিসেবে দেখার সংস্কৃতি গড়ে ওঠেনি। কিছু ফুটবল ও ক্রিকেট খেলোয়াড় স্বীকৃতি পেলেও অন্যান্য খেলায় সেই সুযোগ পর্যাপ্ত নয়। অথচ আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী একজন অ্যাথলেটও বহু বছর ধরে একটি জাতির গর্বের প্রতীক হয়ে থাকতে পারেন।
কাবাডি খেলোয়াড়দের প্রশিক্ষণ সুবিধা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, হাডুডু ও কাবাডি খেলোয়াড়দের অনুশীলনের জন্য টার্ফসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরির উদ্যোগ নেওয়া হবে।
সিলেটে খেলার মাঠের সংকট নিরসনে পরিকল্পনার কথা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট সদর উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটিতে একটি করে খেলার মাঠ নির্মাণ তার নির্বাচনী অঙ্গীকারের অংশ। পাশাপাশি সিটি করপোরেশন এলাকার প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংকোচবোধ করা এক তরুণ খেলোয়াড়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য প্রথম পদক্ষেপ নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে তরুণরা আরও দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের তুলে ধরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সংগঠক, কর্মকর্তা ও ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বিভাগীয় সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা সদস্যসচিব রেজাউল করিম নাচনসহ ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কেএন