প্রকাশিত

০৯/০৯/২০২৬ ০৭:৪৯:৫১ অপরাহ্ন

জাতীয়

আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন

সারা দেশে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ১২ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০৭:৪৯:৫১ অপরাহ্ন

ছবি: ।

চিকিৎসার চেয়ে মশার প্রজনন রোধেই বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে সুনির্দিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে দেশব্যাপী জোরালো সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।’
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে চলতি বছর দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও মৃত্যুঝুঁকি মোকাবিলায় এক জরুরি মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।
আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বিডিক্লিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী শিক্ষার্থী এবং দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেবেন।
প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের জানুয়ারি থেকে গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩৭ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন। আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এডিস মশার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি থাকে বলে বিগত বছরগুলোর পরিসংখ্যানে উঠে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেড অ্যালার্ট জারি করা জেলা ও উপজেলার প্রতিটি হাসপাতালে আলাদাভাবে পাঁচটি করে ডেঙ্গু রোগীর বেড প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানী ঢাকাসহ দেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসকদের নেতৃত্বে এবং প্রায় ৫০০ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।
এই জাতীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুল সত্তার এই জাতীয় কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।


জাতীয়/তা/৮