জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী
শ্রমিক অসন্তোষ; শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল
প্রকাশিত: ০১/১১/২০২৬ ০৫:৪৩:৫২ অপরাহ্ন
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও অসন্তোষের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর পূর্বনির্ধারিত সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন। একই সঙ্গে শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে আজ রবিবার সন্ধ্যায় কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে জরুরি বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিসভা বিভাগ ও শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।
আজ সন্ধ্যায় মাগরিবের নামাজের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সরকারের শীর্ষস্থানীয় কয়েকজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এর আগে, আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে সরকার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে একটি ৬ সদস্যের নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে। সরকারের পক্ষ থেকে এই দাবি পূরণের ঘোষণা দেওয়া সত্ত্বেও মিরপুর, আশুলিয়া এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা রাস্তা অবরোধ ও বিক্ষোভ অব্যাহত রাখেন। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে শ্রমিকরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "শ্রমিকদের প্রধান দাবিই ছিল মজুরি বোর্ড গঠন করা। আজ সেই বোর্ড গঠন করা হয়েছে। এর পরও একটি বিশেষ মহল অহেতুক উসকানি দিয়ে শ্রমিকদের রাস্তায় নামিয়ে রাখছে।" দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের স্থিতিশীলতা রক্ষা করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তিনি শ্রমিকদের অনতিবিলম্বে কর্মস্থলে ফিরে যাওয়ার এবং কারখানা চালু রাখার আহ্বান জানিয়েছেন।
কেএন