শিক্ষা ও মেধা নিয়ে ছিনিমিনি খেলেছে গত ফ্যাসিস্ট সরকার: সিলেটে রিজভী
প্রকাশিত: ০২/১১/২০২৬ ০৪:১৯:২৯ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব (ভারপ্রাপ্ত মহাসচিব) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষাব্যবস্থা ও তরুণ প্রজন্মের মেধা নিয়ে চরম ছিনিমিনি খেলেছে। তারা পরিকল্পিতভাবে একটি জাতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে।
আজ (২ নভেম্বর, ২০২৬) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর ২০তম প্রতিষ্টা বার্ষিকী আয়োজিত অনুষ্টানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, "গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তারা শিক্ষার গুণগত মান বা নৈতিক শিক্ষার কোনো তোয়াক্কা করেনি। মেধার মূল্যায়ন না করে দলীয়করণ এবং প্রশ্ন ফাঁসের সংস্কৃতির মাধ্যমে পুরো শিক্ষাব্যবস্থাকে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।"
তিনি আরও বলেন, "একটি দেশের মেধা ও শিক্ষাকে ধ্বংস করার অর্থ হলো সেই জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। গত ফ্যাসিস্ট সরকার ঠিক এই কাজটিই করে গেছে। তারা শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার আলো দেওয়ার পরিবর্তে পাসের হারের রাজনীতি দেখিয়েছে। এমনকি অনেক জায়গায় খাতায় কিছু না লিখলেও ওপর মহলের নির্দেশে পাস করিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।"
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হলে সবার আগে শিক্ষাব্যবস্থার সংস্কার এবং মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে। চলমান অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা খাতের সংস্কারে কাজ করছে উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে মেধাভিত্তিক দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সিলেটের জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কেএন