জাতীয় কাউন্সিলের বিষয়টি নিয়ে শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে
বিএনপির কাউন্সিল নিয়ে সিদ্ধান্ত আসতে পারে রাতে
প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৭:৪৬:১৪ অপরাহ্ন
ছবি: ।
দলের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন ও তৃণমূল পর্যায়কে শক্তিশালী করার লক্ষ্যে দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় কাউন্সিলের সময়সূচি নিয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে, জাতীয় কাউন্সিলের বিষয়টি নিয়ে শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকে কাউন্সিলের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হবে। পাশাপাশি এই বৃহৎ আয়োজনের জন্য দলের প্রস্তুতি কতটুকু, তা-ও মূল্যায়ন করবেন শীর্ষ নেতারা।
এর আগে, ২০১৬ সালের ১৯ মার্চ সর্বশেষ জাতীয় কাউন্সিল করেছিল বিএনপি। দলের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর অন্তর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা।
মূলত এই কাউন্সিলেই দলের বিভিন্ন কমিটি গঠন বা অনুমোদন দেওয়া হয়। এসব কমিটির মেয়াদও থাকে তিন বছর।
দলীয় সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারিতে দলের শীর্ষ নেতাদের অনেকে সরকারে যোগ দেওয়ার পর তৃণমূলের কর্মকাণ্ড কিছুটা ঝিমিয়ে পড়ে। তাই মন্ত্রী ও সংসদ সদস্যদের বাইরে নতুন একটি শক্তিশালী নেতৃত্ব কাঠামো গড়ে তোলার মোক্ষম সুযোগ হিসেবেই আসন্ন এই কাউন্সিলকে দেখা হচ্ছে।
শনিবার অনুষ্ঠেয় স্থায়ী কমিটির বৈঠকে কেবল কাউন্সিলই নয়, আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু স্থান পাবে। এর মধ্যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, বিরোধী দলের কর্মকাণ্ড, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকটসহ দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
জাতীয়/তা/১