এশিয়ান গেমসে নিশ্চিতভাবেই নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল
নিগার অধিনায়ক থাকছেন, তবে কত দিন?
প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৮:১৭:৩০ অপরাহ্ন
ছবি: ।
এশিয়ান গেমসে নিশ্চিতভাবেই নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে এরপরও কি তার হাতেই থাকবে দলের নেতৃত্ব? সাম্প্রতিক ব্যর্থতা, নেতৃত্ব নিয়ে ওঠা নানা প্রশ্ন ও অভিযোগের পর নিগারের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।
আপাতত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলেও এশিয়ান গেমসের পর বিষয়টি নিয়ে আলোচনায় বসার কথা জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম বাবু।
সম্প্রতি এশিয়া কাপে ব্যর্থ হয়েছে বাংলাদেশ নারী দল।
গ্রুপ পর্বে তুলনামূলক ছোট দলগুলোর বিপক্ষে কোনোমতে জয় পেলেও শ্রীলঙ্কা ও ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভুগতে হয়েছে তাদের। ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নেয় নিগার সুলতানার দল।
এরপরই নিগারের নেতৃত্ব নিয়ে বড় প্রশ্ন ওঠে। ক্রিকেটপ্রেমীদের অনেকে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার দাবি জানিয়েছেন।
যদিও বিসিবি জানিয়েছে, পুরো বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে। সামনে এশিয়ান গেমস থাকায় এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।
আগামী ২৫ সেপ্টেম্বর এশিয়ান গেমসে খেলতে যাবে বাংলাদেশ নারী দল। তাই অধিনায়ক নিগারের ভবিষ্যৎ নিয়ে সরাসরি কিছু না বললেও এশিয়ান গেমসের পর বিষয়টি নিয়ে কাজ করার কথা জানিয়েছেন নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম বাবু।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিগারকে নিয়ে বাবু বলেন, ‘আমরা এটা পর্যবেক্ষণ করছি। সদ্য এশিয়া কাপ শেষ হলো, ওরা সেখান থেকে সরাসরি এশিয়ান গেমসে খেলতে যাবে। এই মুহূর্তে আমি এমন কথা বলতে চাচ্ছি না। যেহেতু টিম অলরেডি সিলেক্টেড, ক্যাপ্টেন সিলেক্টেড এবং অনেক আগেই, প্রায় দেড়-দুই মাস আগে নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই টিমই খেলতে যাবে। আমরা আশা করছি, ওখানে তারা ভালো খেলবে, যে ভুলগুলো করেছে সেগুলো শুধরে দেশের সুনাম অর্জন করবে।’
অধিনায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোও বোর্ডের নজরে রয়েছে বলে জানিয়েছেন বাবু। এশিয়ান গেমসের পর সেসব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
‘এই মুহূর্তে যেগুলো শোনা যাচ্ছে, আমরাও শুনছি, অবজার্ভ করছি। তবে টুর্নামেন্টের পরে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব’, বলেন বাবু।
বাংলাদেশ নারী দলের অধিনায়ককে ঘিরে এর আগেও বিভিন্ন অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে ভারতীয় অধিনায়কের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ না করার বিষয়টিও আলোচনায় এসেছে। গত কিছুদিন ধরে ভারতীয় অধিনায়কের সঙ্গে করমর্দন করছেন না জ্যোতি। বিষয়টিকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে বাবু জানিয়েছেন, এমন আচরণ বোর্ড সমর্থন করে না।
তার মতে, খেলাধুলার মাধ্যমে সব দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত।
বাবু বলেন, ‘এটা তার নিজের সিদ্ধান্ত। আমরা মনে করি, খেলাধুলার মাধ্যমে সারা বিশ্ব ঐক্যবদ্ধ হয়। এটা ভারত বলে নয়, সবার সঙ্গেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত।’
নারী দলের কোচিং প্যানেল নিয়েও প্রশ্ন উঠছে। দীর্ঘ সময় ধরে একই কোচিং প্যানেল দলের দায়িত্বে থাকলেও ক্রিকেটারদের পারফরম্যান্সে প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি।
তবে এশিয়ান গেমসের পারফরম্যান্স দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বাবু।
তিনি বলেন, ‘যেহেতু অলরেডি টিম এনাউন্স করা হয়েছে, তারা এশিয়ান গেমসে কেমন খেলে সেটা দেখি। আমরা আশা করছি ভালো খেলবে। তারপর আমরা সিদ্ধান্ত নেব আসলে কী করা যায়। এরপর আমাদের অস্ট্রেলিয়া ট্যুর আছে, নিউজিল্যান্ড ট্যুর আছে, অনেক কিছু করার আছে আমাদের।’
নারী উইংয়ের চেয়ারম্যান আরও জানিয়েছেন, কোনো অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি যে-ই হোক, ছাড় দেওয়া হবে না।
‘আমি এখনো আমার কাছে অফিশিয়ালি পাইনি। এখানে যদি কোনো অভিযোগ প্রমাণিত হয়, এটা যার বিরুদ্ধেই হোক, কেউ পার পাবে না। মেয়েদের সুরক্ষার ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আপনারা নিশ্চিত থাকবেন, যথাযথ প্রমাণ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব, কঠিন ব্যবস্থা নেব’, বলেন বাবু।
এশিয়ান গেমসে বাংলাদেশ পদক জিতলেও নিগারের নেতৃত্ব বহাল থাকবে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি বাবু। বরং দলের সামগ্রিক দুর্বলতা কাটিয়ে ওঠার ওপর জোর দিয়েছেন তিনি।
বাবু বলেন, ‘আমাদের টিমে অনেক ল্যাকিংস আছে। আমরা বড় বড় দেশকে তো পরাজিত করতে পারিনি। বিশ্বকাপেও কিন্তু আমরা অনেক ভালো খেলেছি, তারপরও সামান্য ভুলের জন্য পরাজিত হয়েছি। সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, কীভাবে এই টিমটাকে আরও সুন্দর ও শক্তিশালী করা যায়, সেটা নিয়ে কাজ করছি।’
এশিয়ান গেমস তাই শুধু পদকের লড়াই নয়, নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বের ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে।
খেলাধুলা/তা/৪