বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে নারীর অধিকার নিশ্চিত হবে : অ্যাডভোকেট পাবেল চৌধুরী
প্রকাশিত: ১৫/১১/২০২৫ ০৭:০৮:৫৯ অপরাহ্ন
ছবি: ।
নারী আমাদের সমাজ ও পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই বিএনপি নারীর ক্ষমতায়ন, সম্মান ও মর্যাদাকে সবসময় অগ্রাধিকার দিয়ে এসেছে। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে দৃশ্যমান ভূমিকা রেখেছে।
শনিবার (১৫ অক্টোবর) শাল্লা উপজেলা মহিলা দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মধ্যে ২৩ নম্বর দফায় নারীর অধিকার প্রতিষ্ঠাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ দফা বাস্তবায়িত হলে দেশের নারীদের অধিকার আরও শক্তিশালী ও সুদৃঢ় হবে।
স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়াতে বিএনপি সুস্পষ্ট পদক্ষেপ নেবে জানিয়ে অ্যাডভোকেট পাবেল আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং গার্মেন্টস শিল্পের সূচনা ঘটিয়ে নারীর অর্থনৈতিক মুক্তির পথ উন্মোচন করেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকার নারী শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে মাধ্যমিক স্তরে বিনামূল্যে শিক্ষা চালু করে, নারীর ওপর সহিংসতা ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল গঠন করে এবং ধর্ষণ ও অ্যাসিড সন্ত্রাস দমনে কঠোর আইন প্রণয়ন করে। একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সংরক্ষিত আসন চালু করা হয়।
তিনি আরও জানান, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে ২৩ নম্বর দফার আলোকে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রেও নীতিগতভাবে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা মহিলা দলের নেত্রী রেহানা আক্তার এবং অনুষ্ঠান পরিচালনা করেন আটগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি নয়ন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, জেলা কৃষক দলের সদস্য মানিক মিয়া তালুকদার, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামছুল ইসলাম সরদারসহ আরও অনেকে। স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মাসুদ আল কাওসার।
শুভ প্রতিদিন/এমকে