প্রকাশিত

১৯/০৯/২০২৬ ০৭:৩৪:২০ অপরাহ্ন

আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

ইউক্রেনে রুশ হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১১

প্রকাশিত: ১৯/০৯/২০২৬ ০৭:৩৪:২০ অপরাহ্ন

ছবি: ।

ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এসব তথ্য জানিয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলে রুশ হামলায় পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, রুশ বাহিনী ওই অঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র, পাঁচটি গাইডেড বোমা এবং প্রায় ৬০টি ড্রোন ছুড়েছে।
লিপকুভাতিভকা, ভেলিকি বুরলুক ও স্লাতিনে গ্রাম এবং খারকিভ ও বালাকলিয়া শহরসহ বিভিন্ন এলাকায় এসব হামলা হয়েছে।
দক্ষিণাঞ্চলের খেরসন অঞ্চলেও ড্রোন, বিমান হামলা ও গোলাবর্ষণে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, হামলায় আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলায় পাঁচটি বহুতল ভবন ও সাতটি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া প্রশাসনিক ভবন, দোকান, মোবাইল টাওয়ার, গ্যাস পাইপলাইন ও বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলে ক্রামাতোরস্ক শহরে একজন নিহত হয়েছেন। পুরো অঞ্চলে আহত হয়েছেন আরও ১৩ জন।
উত্তরাঞ্চলের সুমি অঞ্চলেও হামলায় তিনজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি গাইডেড ক্ষেপণাস্ত্র বহুতল ভবনে আঘাত করলে ৫১ বছর বয়সী এক পুরুষ ও ৪৫ বছর বয়সী এক নারী নিহত হন। পরে ড্রোন হামলায় ৩২ বছর বয়সী আরেক ব্যক্তি নিহত হন।
সুমি আঞ্চলিক সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত ২১টি বসতিতে ৫০টি হামলা হয়েছে। এসব হামলায় ড্রোন, মর্টার, গোলা ও গাইডেড বোমা ব্যবহার করা হয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে রুশ বাহিনী কুরস্ক অঞ্চল থেকে দুটি ‘জিরকন’ ক্ষেপণাস্ত্র এবং ১৭৪টি ড্রোন ছুড়েছে।
বিমানবাহিনীর দাবি, শনিবার সকাল ৮টা পর্যন্ত আকাশ প্রতিরক্ষা বাহিনী ১৪১টি লক্ষ্যবস্তু ধ্বংস বা নিষ্ক্রিয় করেছে। ১৫টি এলাকায় হামলার তথ্য পাওয়া গেছে।
এদিকে, ইউক্রেনে রুশ ড্রোন হামলার জেরে শনিবার পোল্যান্ডও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড জানিয়েছে, ইউক্রেনের সীমান্তবর্তী পোলিশ আকাশসীমা সুরক্ষায় যুদ্ধবিমানও উড়ানো হয়েছে।
পোল্যান্ড জানিয়েছে, তাদের নেওয়া এসব পদক্ষেপ ছিল সতর্কতামূলক। ইউক্রেনে হামলার কারণে নিজেদের আকাশসীমা নিরাপদ রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।


আন্তর্জাতিক/তা/৮